প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে তামিমরা
খেলা ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২১
শুরুটা হয়েছিল হার দিয়ে। গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) গ্রুপ পর্বের প্রথম দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দ্বিতীয় দেখায় সেই হারের জবাবটা দিল আজিজুল হাকিম তামিমের দল, তাও দাপুটে ৯ উইকেটের জয়ে। এই জয়ের ফলে জিডি ট্রফির ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল অনূর্ধ্ব-২৩ দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল অনূর্ধ্ব-১৯ দল। জারিফ সিয়াম ও কাওসার আহমেদের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। কাওসার ইনিংস বড় করতে না পারলেও জারিফ দলীয় ৯৮ রানে ফিরে যান। এই ওপেনার ৭১ বলে করেন ৫৬ রান।
এরপর আহসান আল মুমিনের ৪৫ বলে ৩৫ এবং শাকিল খানের ২৮ বলে ১৫ রানে এগোয় অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। শেষদিকে মেহেরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বাধীন ইসলাম। মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি ও আহরার আমিন পিয়ান নেন একটি করে উইকেট।
১৮৯ রানের লক্ষ্য অবশ্য তামিমদের কাছে মোটেও বড় বাধা হয়ে দাঁড়ায়নি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অনূর্ধ্ব-২৩ দল। ওপেনিংয়ে আদিল ও আজিজুল হাকিম তামিমের ব্যাটে আসে ১৩০ রান। আদিল ৭৪ বলে ৬৩ রান করে ফিরলেও তামিমের ব্যাট থামেনি। এরপর কালাম সিদ্দিকী অলিনকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অনায়াসেই সেরে ফেলেন তিনি।
তামিম ১১১ বল হাতে রেখে দলকে জয় এনে দেন। ৭৯ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। অন্যদিকে অলিনের ব্যাট থেকে আসে ৪০ বলে অপরাজিত ৩৯ রান।
শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় জয়। প্রথম দেখায় পাওয়া হারের মধুর প্রতিশোধও নেওয়া হলো, সঙ্গে ফাইনালের পথটাও হলো আরও পরিষ্কার। জিডি ট্রফিতে এখন তামিমদের চোখ শিরোপার দিকেই।
এমআই