রিশাদের অবশ্যই টেস্ট খেলা উচিত, কেন বললেন মুশতাক
খেলা ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১
বাংলাদেশ ক্রিকেটে লেগস্পিনারের সংকট নিয়ে আক্ষেপ কম করেননি বিসিবির কর্তারা। অথচ সুযোগের অভাবে সেই লেগস্পিনার তৈরির পথও খুব একটা মসৃণ ছিল না। সেই বাস্তবতায় জাতীয় দলে জায়গা করে নেওয়া রিশাদ এখন বাংলাদেশের আলোচিত লেগস্পিনার। তাঁর এই উত্থানে বড় ভূমিকা রয়েছে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদের।
সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগ্রহেই একসময় রিশাদকে নিয়মিত দলের সঙ্গে রাখা শুরু হয়। জাতীয় দলে দেওয়া হয় সুযোগও। তবে রিশাদের বোলিংয়ে বৈচিত্র্য যোগ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব মুশতাকের। তাঁর অধীনে প্রথাগত লেগস্পিনের পাশাপাশি স্লাইডার, টপস্পিন ও গুগলির ব্যবহারেও আরও দক্ষ হয়ে উঠেছেন রিশাদ।
এবার সেই রিশাদকেই লাল বলের ক্রিকেটে দেখতে চান মুশতাক। শুধু টেস্ট দলে সুযোগ নয়, সেটি সম্ভব না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত খেলার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ তাঁর মতে, রিশাদের মতো একজন লেগস্পিনারের পরিপূর্ণ বিকাশের জন্য চার দিনের ক্রিকেটের বিকল্প নেই।
লাল বলের ক্রিকেটে দীর্ঘ স্পেল করার অভ্যাস রিশাদের বোলিংকে আরও পরিণত করবে বলে মনে করেন মুশতাক। টেস্ট ক্রিকেটে শুধু বল ঘোরানোই যথেষ্ট নয়, দীর্ঘ সময় ধরে চাপ তৈরি করা, ফিল্ড অনুযায়ী পরিকল্পনা বদলানো এবং ক্লান্তির মধ্যেও উইকেট নেওয়ার কৌশল আয়ত্ত করতে হয়। রিশাদের জন্য এই শিক্ষাটাই জরুরি বলে মনে করছেন তিনি।
শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেননি মুশতাক। নেটেও রিশাদকে লাল বলে বোলিং করিয়েছেন। বিসিবির কর্তাদের সঙ্গেও কথা বলেছেন তাঁকে লাল বলের ক্রিকেটে খেলানোর পক্ষে। তাঁর যুক্তি, টি-টোয়েন্টির চার ওভারে একজন বোলারের শেখার পরিধি সীমিত। কিন্তু চার দিনের ক্রিকেটে দীর্ঘ স্পেলই একজন স্পিনারকে প্রকৃত অর্থে তৈরি করে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘স্টাম্পড’ অনুষ্ঠানে মুশতাক বলেন, ‘রিশাদ টি-টোয়েন্টি খেলতে চাইবে, কারণ সেখানে চার ওভার বোলিং করা তার জন্য সহজ। কিন্তু তার লাল বলের ক্রিকেটে অবশ্যই খেলা উচিত। চার দিনের ক্রিকেটে তাকে ২০ ওভার বোলিং করতে হবে। চা বিরতির আগে তাকে কত ওভার করতে হবে, তখন তার ভূমিকা কী, চা-বিরতির পর টানা ১০ ওভারের স্পেল কীভাবে করবে; এসব তাকে শিখতে হবে। কারণ এটাই আসল ক্রিকেট।’
মুশতাকের কথায় তাই শুধু রিশাদকে টেস্ট দলে নেওয়ার দাবি নেই, আছে তাঁর দীর্ঘমেয়াদি উন্নতির ভাবনাও। টি-টোয়েন্টিতে চার ওভারের রহস্যময় স্পিনার হিসেবে নয়, দীর্ঘ স্পেলে ব্যাটারদের পরীক্ষা নেওয়া পরিণত লেগস্পিনার হিসেবেই রিশাদকে দেখতে চান বাংলাদেশের স্পিন কোচ।
এমআই