৩৩ ওভারের ম্যাচে সাইফের ‘ডাবল ডাক’
খেলা ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
বৃষ্টির বাধায় ম্যাচ নেমে এসেছে ৩৩ ওভারে। টি-টোয়েন্টির চেয়ে একটু লম্বা, ওয়ানডের চেয়ে বেশ ছোট। এমন ম্যাচে ব্যাটিংয়ের জন্য ছিল সময়ের চাপ। অথচ সেই চাপ সামলে ওঠার বদলে ওপেনার সাইফ হাসান যেন নিজের ইনিংসকেই থামিয়ে রাখলেন। ১৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্য রানে একবার জীবনও পেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই শূন্য রানেই ফিরতে হয়েছে তাকে।
নতুন বলের বিপক্ষে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন সাইফ। সুইং সামলাতে গিয়ে পায়ের ব্যবহার ছিল সীমিত, ফলে শটেও আসেনি প্রত্যাশিত নিয়ন্ত্রণ। জায়গায় দাঁড়িয়ে বল খেলার প্রবণতায় রান বের করার সুযোগও তৈরি করতে পারেননি এই ওপেনার। শেষ পর্যন্ত পঞ্চম স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন সাইফ।
১৩ বলের ইনিংসে রান তো এলই না, বরং অল্প ওভারের ম্যাচে মূল্যবান ১৩টি বলও খরচ হলো। অথচ ৩৩ ওভারের এই ম্যাচে প্রতিটি ডেলিভারিই ছিল গুরুত্বপূর্ণ।
সাইফের এই ব্যর্থতা অবশ্য হঠাৎ করে আসেনি। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন তিনি। মাঝে মধ্যে রান পেলেও ইনিংসকে বড় করতে পারেননি। পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিংয়ের বদলে ধীরগতির ইনিংস খেলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ২১ ইনিংসে মাত্র দুবার ফিফটির দেখা পেয়েছেন সাইফ। সেই দুই ইনিংসেও তার ব্যাটিংয়ের গতি নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যাটিংয়ে উন্নতির সুযোগ করে দিতেই তাকে দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের সঙ্গে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিন্তু সেখানেও শুরুটা হলো হতাশায়। প্রথম ম্যাচেই ১৩ বল খেলে শূন্য রানে আউট সাইফ। শূন্য রানে জীবন পেয়েও শেষ পর্যন্ত শূন্যতেই থামতে হয়েছে তাকে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার অপেক্ষাটা তাই আরও দীর্ঘ হলো এই ওপেনারের।
এমআই