বিপিএল হবে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলা ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট না হওয়ার খবর গণমাধ্যমের কাছ থেকেই প্রথম শুনেছেন বলে জানিয়েছেন তিনি।
বিপিএল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বিসিবি। বোর্ডের সিদ্ধান্তে ক্রিকেটারদেরও আপত্তি নেই। এর মধ্যে দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। তবে ২০২৭ সালে বিপিএল না হওয়ার বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রীর জানা ছিল না।
রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আমিনুল হক। বিপিএল না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’
বিপিএলের মতো জনপ্রিয় একটি আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত।’
বিপিএল কেন হচ্ছে না, সে বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যেন ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, সে দিকেও নজর রাখার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।