Advertisement
Us Bangla Airlines
ইনসুইংয়ের জাদুতে হাসানের ‘বোল্ড মিশন’

ইনসুইংয়ের জাদুতে হাসানের ‘বোল্ড মিশন’

খেলা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭

গুড লেন্থে অফ স্টাম্পের সামান্য বাইরে পিচ করা বল। ওবল সিমে করা সেই বল দেখে ব্যাটার হয়তো ভাবলেন, বাইরে দিয়েই চলে যাবে। তাই ব্যাটও নামল একটু দেরিতে। কিন্তু ততক্ষণে বল তার কাজ সেরে ফেলেছে। বাতাসে ভেতরে ঢুকে ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা গিয়ে আঘাত করেছে অফ স্টাম্পে। ব্যাটার বোল্ড, হাসান মাহমুদের মুখে সাফল্যের হাসি।

সাদা পোশাকে স্টাম্প ভাঙতেই যেন বেশি ভালোবাসেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। টেস্টে এখন পর্যন্ত ৪৫ উইকেট নিয়েছেন হাসান, যার ১৬টিই বোল্ড। সাম্প্রতিক সময়ে এই সংখ্যাটা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইনসুইং, ওবল সিম আর বাতাসকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যাটারদের বারবার একই ফাঁদে ফেলছেন তিনি।

বিদেশের মাটিতে সাম্প্রতিক পারফরম্যান্সেও তার ছাপ স্পষ্ট। কাউন্টিতে প্রথমবার খেলতে নেমে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছেন হাসান। এর মধ্যে চারটি এসেছে বোল্ড আউটে। চারবারই ব্যাটারদের বিভ্রান্ত করেছে তার ইনসুইং। এরপর এলপিএলে পেয়েছেন উইকেটের দেখা, সেখানেও ছিল একটি বোল্ড। ভাইটালিটি ব্লাস্টে প্রথমবার খেলতে নেমেও দুই ব্যাটারকে বোল্ড করেছেন হাসান।

বিদেশি লিগের ব্যস্ততা শেষে জাতীয় দলের সাদা পোশাকে প্রস্তুতি। সিএ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও চার ব্যাটারকে বোল্ড করেছেন তিনি। এরপর ইংল্যান্ডে পা রেখেও বদলায়নি গল্প।

কেন্টের জার্সিতে ফিরে প্রথম ম্যাচেই করেছেন তিনটি বোল্ড। ডেলিভারিগুলোর ধরনেও ছিল আশ্চর্য মিল। অফ স্টাম্পের আশপাশে পিচ করে শেষ মুহূর্তে ভেতরে ঢুকে পড়া বল। ওবল সিমের সেই সুইং বুঝে ওঠার আগেই ব্যাটারদের ফিরে যেতে হয়েছে সাজঘরে।

অথচ কিছুদিন আগেও সাদা বলের ক্রিকেটে হাসানের সময়টা ভালো যাচ্ছিল না। রান খরচ হচ্ছিল বেশি, সেই তুলনায় মিলছিল না উইকেট। একপর্যায়ে জাতীয় দলের স্কোয়াড থেকেও বাদ পড়েন। সেখান থেকে টেস্ট দলে ফেরার সুযোগ এনে দেন কোচ হাথুরুসিংহে। সাদা পোশাকে বাংলাদেশের প্রয়োজন ছিল একজন কার্যকর সুইং বোলারের।

সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন হাসান। এখন তার বোলিংয়ে শুধু গতি কিংবা নিয়ন্ত্রণ নয়, যোগ হয়েছে ব্যাটারকে পড়তে না দেওয়া এক অদৃশ্য ফাঁদ। বল বাইরে যাবে নাকি ভেতরে ঢুকবে, সেই দ্বিধায় থাকা ব্যাটারদের জন্য শেষ উত্তরটা প্রায়ই আসে স্টাম্প ভেঙে।

এমআই