বাংলাদেশ সিরিজে ৩৬ রান করেও টেস্ট দলে লাবুশেন
খেলা ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন চরম ব্যর্থ। তিন ইনিংসে মোটে ৩৬ রান। সর্বশেষ ১০ ইনিংসে নেই একটি ফিফটিও। ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে সেঞ্চুরির দেখা নেই। এত কিছুর পরও অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা হারাননি মার্নাস লাবুশেন।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে তাকে। অর্থাৎ, একের পর এক ব্যর্থতার পরও নির্বাচকদের আস্থার তালিকায় রয়ে গেলেন সাবেক এক নম্বর টেস্ট ব্যাটসম্যান।
লাবুশেনের জায়গা নিয়ে প্রশ্ন থাকলেও তার সম্ভাব্য বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন কুপার কনোলি। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা খুবই সীমিত। খেলেছেন মাত্র ১৩টি ম্যাচ, এখনও প্রথম শ্রেণিতে সেঞ্চুরি করতে পারেননি।
তিন নম্বরে ব্যাটিংয়ের অভিজ্ঞতাও প্রায় নেই কনোলির। ক্যারিয়ারে ওই পজিশনে খেলেছেন মাত্র একবার। চার নম্বরে খেলেছেন চার ম্যাচ। গত মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দল থেকেও বাদ পড়েছিলেন। তবু তার প্রতিভায় আস্থা হারায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট।
সীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে জাতীয় দলের দরজা নিয়মিত খুলছে কনোলির জন্য। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকও হয়েছিল তার। সেই ম্যাচে একমাত্র ইনিংসে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনের বিকল্প হিসেবে তার অন্তর্ভুক্তি তাই ভবিষ্যতের ইঙ্গিতও দিচ্ছে।
এদিকে ২০২৩ সালের জুলাইয়ে সেঞ্চুরি করার পর থেকে টেস্ট ক্রিকেটে আর তিন অঙ্কের দেখা পাননি লাবুশেন। এর মধ্যে পেরিয়ে গেছে ৪৩ ইনিংস। সর্বশেষ ফিফটিও বেশ পুরোনো। গত অ্যাশেজের ব্রিজবেন টেস্টের পর থেকে অর্ধশতকের দেখা নেই তার। এই সময়টায় তার ব্যাটিং গড় নেমে এসেছে মাত্র ২৪.৬৯-এ।
বাংলাদেশ সফরও কাটেনি ব্যতিক্রমভাবে। তিন ইনিংসে তার রান ছিল ১, ৩১ ও ৪। মোট ৩৬ রান। এমন পারফরম্যান্সের পরও দলে থাকা নিয়ে তাই বিস্ময় তৈরি হওয়াই স্বাভাবিক। বাংলাদেশ সিরিজ চলাকালে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও লাবুশেনের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বো ওয়েবস্টার।
এমআই