Advertisement
Us Bangla Airlines
কেন পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক আহমেদ

কেন পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক আহমেদ

খেলা ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

নিজ দেশের কোচ হওয়ার ইচ্ছা আছে মুশতাক আহমেদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অস্থিরতার কারণে সেই দায়িত্ব নিতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ। বিশেষ করে সফরের মাঝপথে কোচ ও ক্রিকেটারদের সরিয়ে দেওয়ার ঘটনায় তার উদ্বেগ আরও বেড়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছে পিসিবি। একই সঙ্গে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে।

বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে মুশতাক বলেন, ‘আমি অবশ্যই নিজের দেশকে কোচ করাতে ভালোবাসব। বিশেষ করে এই মুহূর্তে। আমি কেবল একটি জিনিসই চাই। মাঝেমধ্যে আপনি নিজ দেশের হয়ে কাজ করতে আতঙ্কে থাকবেন, যখন মানুষ আপনাকে সম্মান করবে না এবং কিছু আবেগপ্রবণ সিদ্ধান্তে দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হবে।’

মুশতাকের মতে, সফরের মাঝপথে কোচ ও ক্রিকেটারদের সরিয়ে দেওয়া কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘যদি তাদের বরখাস্ত করতেই হতো, সফরের পর করতে পারতেন। এখন শান্ত থাকার সময়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

পাকিস্তান ক্রিকেটের এই অস্থিরতা কাটাতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী মুশতাক। তার মতে, অভিজ্ঞ ও পেশাদার মানুষদের সঠিক দায়িত্ব দেওয়া গেলে পাকিস্তান ক্রিকেটকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ফেরানো সম্ভব।