পাকিস্তান ক্রিকেটে ফের ফিক্সিংয়ের গুঞ্জন!
খেলা ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮
ইংল্যান্ড সফর নিয়ে পাকিস্তান ক্রিকেটে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। এর মধ্যেই শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্তের অংশ হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকের মোবাইল ফোনের তথ্যও নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এমন তথ্য জানিয়েছে। পিসিবির মিডিয়া পরিচালক আমির মীর জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত চলছে। তবে তিনি স্পষ্ট করেছেন, বোর্ড এখনো কোনো নির্দিষ্ট অভিযোগ বা ফিক্সিংয়ের বিষয় নিশ্চিত করেনি।
প্রতিবেদন অনুযায়ী, লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হারের পর দলের নিরাপত্তা কর্মকর্তা রিজওয়ান ও ইমামের ফোন নিয়ে কয়েক ঘণ্টা নিজের কাছে রেখেছিলেন। পরে ফোন ফেরত দেওয়ার আগে সেগুলোর তথ্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে পিসিবি ফোন নেওয়া বা তথ্য সংগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
অভিযোগের সত্যতা মিললে বড় অঙ্কের জরিমানা কিংবা নিষেধাজ্ঞার মতো শাস্তি হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। তবে আপাতত ‘ফিক্সিং’ শব্দটি পিসিবির আনুষ্ঠানিক বক্তব্যে নেই। বোর্ড বরং যাচাই না হওয়া কোনো তথ্যকে সত্য হিসেবে না ধরার আহ্বান জানিয়েছে।
এই তদন্তের খবর এসেছে পাকিস্তান টেস্ট দলে বড় পরিবর্তনের মধ্যেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের পর সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়েছে।
হঠাৎ দল পুনর্গঠন, ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত এবং মোবাইল ফোনের তথ্য নিয়ে ওঠা প্রশ্নে পাকিস্তান ক্রিকেটে নতুন করে ফিক্সিংয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টিকে অভিযোগ বা সন্দেহের পর্যায়েই রাখা হচ্ছে। যদিও অতীতে ফিক্সিং কাণ্ডে একাধিকবার পাকিস্তানি ক্রিকেটারদের নাম এসেছিল।
এমআই