‘উইকেট কেমন জানি না, তবে কে বানিয়েছে জানি’
খেলা ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮
এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে জাপানের নাগোয়া যাচ্ছে বাংলাদেশ। সেখানে যে উইকেটে ম্যাচ হবে, সেটি নিয়ে অবশ্য বাংলাদেশের ছেলেদের দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের খুব একটা ধারণা নেই। তবে উইকেটটি কে বানিয়েছেন, সেটা ঠিকই জানেন তিনি।
আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্ন করা হলে মজার উত্তর দেন সালাহউদ্দিন, ‘উইকেট নিয়ে কোনো ধারণা নেই, কিন্তু কে বানিয়েছে জানি।’ তাঁর কথা শুনে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।
সালাহউদ্দিনের কথার কারণও আছে। নাগোয়ার কো রোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ক্রিকেট ম্যাচের জন্য তৈরি করা হয়েছে হাইব্রিড পিচ। আর সেই উইকেট তৈরির দায়িত্বে আছেন শ্রীলঙ্কার গামিনি ডি সিলভা, যিনি প্রায় দেড় দশক মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর ছিলেন।
গামিনি উইকেট বানাচ্ছেন বলে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কি না, এমন প্রশ্নে অবশ্য বাস্তবতার কথাই বলেছেন সালাহউদ্দিন। ‘একেক দেশের আবহাওয়া একেক রকম। আবহাওয়ার ওপর নির্ভর করবে আসলে উইকেটটা কী রকম হবে। গামিনিকে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা আসলে নিজেরাই বানাতে বলতাম এই ধরনের (স্লো) উইকেট।’
এশিয়ান গেমসে ক্রিকেট থেকে ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের। ছেলে ও মেয়েদের দুই দলই ভালো করবে বলে আশাবাদী সালাহউদ্দিন। তাঁর মতে, দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। তবে চ্যালেঞ্জও আছে।
কয়েকটি সিরিজ ধরে টি-টোয়েন্টি না খেলায় দ্রুত এই সংস্করণে মানিয়ে নেওয়াকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন সালাহউদ্দিন। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায়। গ্রুপ পর্ব শেষে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
এমআই