৭ রানে ৬ উইকেট, নারী ক্রিকেটে কি এটাই সেরা?
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২
মাত্র ৭ রান খরচে ৬ উইকেট শিকার। নাশরা সান্ধুর বোলিং ফিগারটি নিঃসন্দেহে অবিশ্বাস্য। হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের নারী টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন বাঁহাতি এই স্পিনার। কিন্তু নারী টি-টোয়েন্টির ইতিহাসে এটিই কি সেরা বোলিং?
পরিসংখ্যান বলছে, সান্ধুর সামনে আছে আরও কয়েকটি বিস্ময়কর কীর্তি। নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়ার রেকর্ডটি ব্রাজিলের লুসিয়া কারদোসোর। লেসোথোর বিপক্ষে মাত্র ৩ ওভার বল করে ৪ রান খরচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
এরপরই আছে ইন্দোনেশিয়ার রোহমালিয়ার কীর্তি। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩.২ ওভার বল করে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। অর্থাৎ একটিও রান না দিয়ে ৭ উইকেট। কোনো রান না দিয়ে ৬ উইকেট নেওয়ার নজিরও আছে। নেপালের অঞ্জলি চাঁদ মালদ্বীপের বিপক্ষে মাত্র ২.১ ওভার বল করে ৬ উইকেট নিয়েছিলেন, খরচ করেননি একটি রানও।
৬ উইকেট নিয়ে মাত্র ৩ রান খরচের কীর্তিও আছে তিনটি। নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক, মালয়েশিয়ার মাস এলিসা ও বতসোয়ানার এস মোসেউ, তিনজনই ৪ ওভার বল করে ৬ উইকেট নিয়েছেন ৩ রান খরচে। এরপর আসে নাশরা সান্ধুর ৬ উইকেট। হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।
অর্থাৎ নারী টি-টোয়েন্টির সামগ্রিক পরিসংখ্যানে সান্ধুর ৬ উইকেট ৭ রানে সেরা নয়। তাঁর ওপরে আছে ৯ উইকেটের কীর্তি, কোনো রান না দিয়ে ৭ উইকেট নেওয়ার নজির, কোনো রান না দিয়ে ৬ উইকেট এবং ৩ রান খরচে ৬ উইকেট নেওয়ার একাধিক পারফরম্যান্স।
তবে পাকিস্তানের নারী টি-টোয়েন্টিতে সান্ধুর কীর্তি অনন্য। দেশটির হয়ে এক ইনিংসে ৬ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। এমনকি পাকিস্তান পুরুষ দলের কেউই কখনো ৬টি উইকেট শিকার করতে পারেননি।