Advertisement
Us Bangla Airlines
সিপিএল ছাড়ছেন নবী, অভিষেক হচ্ছে মিরাজের

সিপিএল ছাড়ছেন নবী, অভিষেক হচ্ছে মিরাজের

খেলা ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৪

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছাড়ছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডার সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলেছেন। তার বদলি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী মিরাজকে উড়িয়ে নিয়েছে গায়ানা। ফলে নবীর বদলি হিসেবে সিপিএলে এবার মিরাজের অভিষেক হওয়া প্রায় নিশ্চিত।

সিপিএলের চলতি মৌসুমে গায়ানার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নবী। গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে ১১ ম্যাচে দলটি জিতেছে ১০টিতেই। চলতি সিপিএলে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১২ উইকেট তার। ছয় ইনিংসে এই উইকেটগুলো নিতে তাঁর ইকোনমি রেট ছয়ের নিচে। দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখেই যাচ্ছেন নবী।

গত রোববার প্রভিডেন্সে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বল হাতে দারুণ ছিলেন নবী। নিয়েছেন ৪ উইকেট। তার নৈপুণ্যে গায়ানা নিশ্চিত করেছে প্লে-অফ। ভারত সিরিজ খেলতে নবীর সঙ্গে গায়ানা থেকে বিদায় নিচ্ছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।

আফগানিস্তানের দুই তারকার বদলে নতুন ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজানোর অপেক্ষায় গায়না। ফলে দ্বিতীয়বার সিপিএল খেলতে যাওয়া মিরাজের টুর্নামেন্টটিতে এবার অভিষেক হতে যাচ্ছে। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে জায়গা পেয়েছিলেন মিরাজ। তবে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার।

এদিকে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে সুযোগ পাননি মেহেদী মিরাজ। ফলে সিপিএলের পুরো সময় মিরাজকে দলের সঙ্গে পাবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দেখার পালা, কোন ম্যাচে মিরাজকে একাদশে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট।

এমআই