Advertisement
Us Bangla Airlines
আফগানদের বিপক্ষে খেলতে পারবেন নাহিদ রানা?

আফগানদের বিপক্ষে খেলতে পারবেন নাহিদ রানা?

খেলা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না নাহিদ রানার। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আফগানদের বিপক্ষে টেস্টের স্কোয়াডে তার না থাকার সম্ভাবনাই বেশি।

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে বিদেশের মাটিতে চোট পেয়েছিলেন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি। গত মাসে চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেলেও দেশে ফিরে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া।

দেড় মাস পর কয়েক দিন আগে আবারও বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। তবে এখনো পুরো রান-আপে নয়, ছোট রান-আপে বোলিং করছেন তিনি। তাই পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই ম্যাচে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নাহিদের ফেরার ক্ষেত্রে তাড়াহুড়োর প্রয়োজন দেখছে না বিসিবি। বরং ধীরে ধীরে তাকে ম্যাচে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।

শুধু আফগানিস্তান টেস্ট নয়, পরবর্তী ত্রিদেশীয় সিরিজেও নাহিদকে শুরুতে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে ধাপে ধাপে তাকে মাঠে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট।

বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদের সঙ্গে শরিফুল ইসলামও আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলছেন না। ফলে পেস আক্রমণে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে টেস্ট দলে রাখা হচ্ছে।

আফগানদের বিপক্ষে মুশফিক হাসানের টেস্ট অভিষেকের সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ নাহিদ রানাকে আপাতত মাঠের বাইরে রেখেই এগোচ্ছে বাংলাদেশ। চোট পুরোপুরি কাটিয়ে ম্যাচ খেলার মতো প্রস্তুত হলেই জাতীয় দলের জার্সিতে ফিরবেন এই গতিময় পেসার।

এমআই