Advertisement
Us Bangla Airlines
দুই বছরে ৩ শিরোপা, হান্নানের সাফল্যের পেছনে যে গল্প

দুই বছরে ৩ শিরোপা, হান্নানের সাফল্যের পেছনে যে গল্প

খেলা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

কোচিং ক্যারিয়ারের বয়স এখনো দুই বছর হয়নি, এর মধ্যেই তিনটি শিরোপা জিতেছেন হান্নান সরকার। ডিপিএলে আবাহনী, বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করার পর এবার গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে অনূর্ধ্ব-১৯ দলকে শিরোপা এনে দিয়েছেন তিনি। হান্নানের কোচিং ক্যারিয়ারের শুরুটাই যেন ট্রফিময়।

একের পর এক সাফল্যের পেছনে রহস্যটা কী? হান্নানের উত্তর, ‘প্রসেস।’ যে দলেই কাজ করেছেন, সেখানেই ফলের পাশাপাশি প্রক্রিয়াটাকে গুরুত্ব দিয়েছেন তিনি। খেলোয়াড়দের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া এবং চ্যাম্পিয়ন হওয়ার পথটা যতটা সম্ভব সহজ করে তোলাই তাঁর মূল লক্ষ্য।

‘আমি প্রসেসে অনেক নজর রাখি। প্রসেসটা এমনভাবে সাজাই, যেন চ্যাম্পিয়নশিপের জন্য রাস্তাটা সহজ হয়। সেভাবেই খেলোয়াড়দের গাইড করার চেষ্টা করি,’ বলেন হান্নান।

জিডি ট্রফিতেও ফলের পাশাপাশি খেলোয়াড়দের উন্নতিতে গুরুত্ব দিয়েছেন তিনি। তিন বয়সভিত্তিক দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে রোটেশনের মাধ্যমে ১৮ জন ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন। কারণ, তাঁর কাছে এই টুর্নামেন্টের আরেকটি বড় লক্ষ্য ছিল খেলোয়াড়দের ডেভেলপমেন্ট।

‘চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই আনন্দের ব্যাপার। এটা একটা মোটিভেশন তৈরি করে। এই দলের এটাই প্রথম টুর্নামেন্ট ছিল। এমন অর্জন ছেলেদের সামনে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে,’ বলেন তিনি। তবে সাফল্যের পুরো কৃতিত্ব শুধু নিজের কাঁধে নিতে নারাজ হান্নান। কোচিং স্টাফের প্রত্যেক সদস্যের অবদানও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সামনে অবশ্য আরও বড় পরীক্ষা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে রয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। তাই আপাতত ধাপে ধাপে এগোতে চান হান্নান। তাঁর বিশ্বাস, পরিশ্রম, কমিটমেন্ট, নিবেদন ও সঠিক প্রসেস ঠিক থাকলে ভাগ্যও একসময় পাশে আসে। শিরোপাও জেতা সহজ হয়ে উঠে।

এমআই