Advertisement
Us Bangla Airlines
কাউন্টিতে হাসানের মতো এমন সাফল্য নেই আর কারও

কাউন্টিতে হাসানের মতো এমন সাফল্য নেই আর কারও

খেলা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

ইংলিশ কাউন্টিতে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে একের পর এক উইকেট তুলে নিয়ে এবার এমন এক কীর্তি গড়েছেন, যেখানে তাঁর ধারেকাছে নেই আর কেউ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে অন্তত ২৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট এখন বাংলাদেশের এই পেসারের।

চলতি মৌসুমে কেন্টের হয়ে চার ম্যাচে আট ইনিংসে বোলিং করে হাসান নিয়েছেন ২৬ উইকেট। প্রতি উইকেট পেতে তাঁর লেগেছে গড়ে মাত্র ২৯.২৬ বল। অর্থাৎ প্রায় প্রতি পাঁচ ওভারেই একটি করে উইকেট তুলে নিচ্ছেন তিনি। এই তালিকায় হাসানের পরেই রয়েছেন ডারহামের ম্যাথু পটস।

১৯ ইনিংসে ৫৮ উইকেট নেওয়া এই ইংলিশ পেসারের স্ট্রাইক রেট ৩৫.৮৭। হাসানের সঙ্গে ব্যবধানটা তাই বেশ বড়।

হাসানের কীর্তি আরও নজরকাড়া তাঁর কম ম্যাচ খেলার কারণে। শীর্ষ দশে থাকা বেশিরভাগ বোলারের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই স্ট্রাইক রেটের তালিকায় সবাইকে পেছনে ফেলেছেন তিনি।

ইংল্যান্ডের কন্ডিশনে নিয়মিত উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন হাসান। চার ম্যাচেই ২৬ উইকেট তাঁর বোলিংয়ের ধার ও কার্যকারিতারই প্রতিচ্ছবি।

এমআই