Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে কখনো এত উইকেট পেয়েছেন মিরাজ?

টি-টোয়েন্টিতে কখনো এত উইকেট পেয়েছেন মিরাজ?

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

দেশের বাইরে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি মেহেদী মিরাজ। আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে যতটুকুই পেয়েছেন, সেখানেও কখনো ৪ উইকেট শিকার করতে পারেননি। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেই আক্ষেপই যেন ঘুচলেন তিনি। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

১৭৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি মিরাজের তৃতীয়বার এক ম্যাচে চার উইকেট। তবে দেশের বাইরে প্রথম। তার চার শিকারই ছিল বোল্ড। বিদেশের মাটিতে এর আগে সর্বোচ্চ এক ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সেটাও ২০২২ সালের আরব আমিরাতের বিপক্ষে। তবে এবার যেন সব রেকর্ডই ছাড়িয়ে গেলেন মিরাজ।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করে গায়ানা। শুরুতে কলিন মানরো ও অ্যালেক্স হেলসের ব্যাটে ভালোই এগোচ্ছিল ত্রিনবাগো। চার ওভারে ৩৮ রান ওঠার পর আক্রমণে আসেন মিরাজ। প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ফেরান কলিন মুনরো ও নিকোলাস পুরানকে।

মুনরোকে সুইচ হিটের প্রস্তুতি বুঝে লেংথ টেনে বোল্ড করেন মিরাজ। পরের বলেই দারুণ ফ্লাইটে পুরানকে বড় শট খেলতে বাধ্য করে স্টাম্প ভেঙে দেন। মিরাজের জোড়া আঘাতেই ত্রিনবাগোর ইনিংসে বড় ধাক্কা লাগে। ধারাভাষ্যে তখন উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ান বিশপ, ‘নো নবি, নো প্রোবলেম…’

১৩তম ওভারে ফিরে তৃতীয় উইকেট পান মিরাজ। রাউন্ড দ্য উইকেট থেকে করা আর্ম বলটি লেংথে পড়ে সোজা হয়ে ঢুকে যায় জাইড গুলির ব্যাট-প্যাডের ফাঁকে। উড়ে যায় বেলস। একই ওভারে সুনিল নারাইনকে ফিরিয়ে পূর্ণ করেন চার উইকেট। মিরাজের ৪ উইকেটের সঙ্গে শামার জোসেফ নেন ২টি। ত্রিনবাগো থামে ১২৬ রানে।

রান তাড়ায় গায়ানার হয়ে শেই হোপ অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে গায়ানা। ব্যাট হাতে মিরাজ অবশ্য ১৪ বলে মাত্র ২ রান করেন মিরাজ। তবুও বোলিংয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সিপিএলে অভিষেক ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেট মিরাজের। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছেন তিনি। এই জয়ে ৯ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা। প্লে-অফও নিশ্চিত তাদের।

এমআই