অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেওয়ায় সিপিএলে ডাক পেয়েছেন মিরাজ!
খেলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে মেহেদী মিরাজের বোলিং নজর কেড়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। সেই পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ডাক। অস্ট্রেলিয়া সফরে মিরাজের বোলিং তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক ইমরান তাহির।
জাতীয় দলের সিরিজ থাকায় সাত ম্যাচ পর গায়ানা ছাড়ার কথা ছিল মোহাম্মাদ নবীর। তার বিকল্প খুঁজতে গিয়ে মিরাজকে বিবেচনায় নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছিল বাংলাদেশ। সেখানে মিরাজের পারফরম্যান্স দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় গায়ানা।
ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মিরাজ। পরের টেস্টে ম্যাকায়ে দুই ওভার বোলিং করে শিকার করেন অ্যালেক্স কেয়ারির উইকেটও। অস্ট্রেলিয়ার সেই পারফরম্যান্সের পর সিপিএলে এসে অবশ্য মিরাজ যেন আরও ভয়ংকর।
অভিষেক ম্যাচে চার ওভারে ১৩ রান দিয়ে নেন তিন উইকেট। পরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ২৩ রানে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
মিরাজের পারফরম্যান্স নিয়ে ইমরান তাহির বলেন, ‘মেহেদি (মিরাজ) সত্যিই খুব ভালো করছে। অস্ট্রেলিয়া সফরে সে দারুণ বোলিং করেছে, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি আমরা। আন্তর্জাতিক মঞ্চেও দীর্ঘসময় ধরে পারফর্ম করে আসছে সে।’
মিরাজের দ্রুত মানিয়ে নেওয়ায় মুগ্ধ তাহির আরও বলেন, ‘সে এসেই যেভাবে বোলিং করছে, আমি সত্যিই খুব খুশি। গুরুত্বপূর্ণ উইকেটগুলো যেভাবে নিয়েছে সে, তা অসাধারণ।’
অস্ট্রেলিয়ায় নজর কেড়ে সিপিএলে সুযোগ পাওয়া মিরাজ এখন সেই সুযোগকে রীতিমতো কাজে লাগাচ্ছেন। গায়ানার জার্সিতে দুই ম্যাচেই ৭ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এমআই