Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে পুরোনো নিয়ম ফিরিয়ে আনছে তামিমের বোর্ড

ডিপিএলে পুরোনো নিয়ম ফিরিয়ে আনছে তামিমের বোর্ড

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও ফিরছে বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটের এই আসরে বিদেশিদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। মূল লক্ষ্য, প্রতিযোগিতার মান বাড়ানোর পাশাপাশি হারানো জৌলুস ফিরিয়ে আনা।

২০২৭-২৮ মৌসুম থেকেই ডিপিএলে বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রাথমিকভাবে প্রতিটি দলের একাদশে একজন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

একসময় ডিপিএলের একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় থাকতেন। পরে সেই সংখ্যা কমিয়ে দুই এবং এরপর একজন করা হয়। ২০২৪ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ। তিন মৌসুম পর আবারও পুরোনো নিয়মে ফিরতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ওয়ানডে আসর।

বিদেশি ক্রিকেটার ফেরানোর পাশাপাশি ডিপিএলের সূচিতেও আসছে পরিবর্তন। আগামী আসর এগিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিপিএল এবার না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে ডিপিএল এগিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে চলতি সপ্তাহেই ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। সেখানে বিদেশি ক্রিকেটারসহ ডিপিএলের সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

শুধু খেলোয়াড় নয়, আম্পায়ারিংয়েও কঠোর নজরদারি আনার পরিকল্পনা রয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতে আম্পায়ারদের পয়েন্ট দেওয়া হবে। ভুল সিদ্ধান্তের জন্য কাটা হবে পয়েন্টও। নির্দিষ্ট সীমার নিচে স্কোর নেমে গেলে সাময়িকভাবে দায়িত্বের বাইরে রাখা হতে পারে আম্পায়ারদের।

মাঠের খেলায় প্রযুক্তির ব্যবহারও বাড়াতে চায় বিসিবি। ডিপিএলে এডিআরএস ব্যবহারের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারির পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টজুড়ে অ্যান্টি-করাপশন কার্যক্রমও জোরদার করা হবে।