Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলের ডাকে কেন্ট ছাড়লেন হাসান, হতাশ ক্লাব

জাতীয় দলের ডাকে কেন্ট ছাড়লেন হাসান, হতাশ ক্লাব

খেলা ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭

জাতীয় দলের ব্যস্ততা সামনে রেখে কাউন্টি দল কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছাড়লেন হাসান মাহমুদ। বিসিবির সঙ্গে আলোচনার পর বাংলাদেশের এই পেসারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে হাসানকে আর পাচ্ছে না কেন্ট।

মৌসুমের শেষদিকে এসে হাসানকে হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ ইংলিশ ক্লাবটি। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক মনে করেন, দলের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পেসারের অনুপস্থিতি অনুভব করবে তারা। তবে জাতীয় দলের প্রয়োজনকে সামনে রেখে বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাব।

কুক বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির নেওয়া সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীতের সূচির জন্য তাকে শুভকামনা জানাই।’

কেন্টের হয়ে এবারের মৌসুমে বল হাতে বেশ ধারাবাহিক ছিলেন হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩০ উইকেট শিকার করেছেন তিনি। পারফরম্যান্সের ধারাবাহিকতায় দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন এই পেসার।

তাই শেষ দুই ম্যাচে তার অনুপস্থিতি কেন্টের জন্য বড় শূন্যতা তৈরি করছে। তবে হাসানকে হারানোর ধাক্কা সামলাতে দলের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদকে পাচ্ছে তারা।

কুক বলেন, ‘হাসানকে আমরা খুব মিস করব। তবে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদ শেষ দুই ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকবে।’

জাতীয় দলের সঙ্গে এশিয়ান গেমসের ব্যস্ততা থাকায় এবার দেশে ফিরতে হচ্ছে হাসানকে। ফলে কেন্টের হয়ে পুরো মৌসুম শেষ করার সুযোগ হচ্ছে না তার। শেষদিকে এসে দলের অন্যতম সফল বোলারকে হারালেও চলতি মৌসুমে হাসানের অবদানের জন্য কৃতজ্ঞ ক্লাবটি।

এমআই