Advertisement
Us Bangla Airlines
নতুন রুবেল-এবাদতের খোঁজে বিসিবির পুরোনো উদ্যোগ

নতুন রুবেল-এবাদতের খোঁজে বিসিবির পুরোনো উদ্যোগ

খেলা ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১

পেসার হান্টের মঞ্চ পেরিয়ে রুবেল, এবাদত হোসেনদের মতো প্রতিভা দেশের ক্রিকেটে এসেছে। এবার সেই মঞ্চ আরও বড় করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস কিংবা স্পিনের আলাদা পরিচয় নয়, দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা সব ধরনের বোলিং প্রতিভাকে এক জায়গায় এনে নতুন করে শুরু হচ্ছে ‘বোলার হান্ট’।

বিসিবির এই উদ্যোগে থাকছে না পেসার ও স্পিনারদের জন্য আলাদা প্রতিযোগিতা। বরং যে কোনো ধরনের বোলিংয়ে সম্ভাবনা দেখাতে পারা ক্রিকেটাররা একই আয়োজনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। লক্ষ্য একটাই, ঘরোয়া ক্রিকেটের বাইরে থাকা প্রতিভাদের খুঁজে এনে ভবিষ্যতের জন্য তৈরি করা।

বাংলাদেশে প্রতিভা খোঁজার এই প্রক্রিয়ার সঙ্গে অবশ্য সাফল্যের গল্পও জড়িয়ে আছে। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পেসার হান্ট থেকে উঠে এসেছিলেন রুবেল হোসেন। পরে রবি পেসার হান্টে নজর কাড়েন এবাদত হোসেন। দুজনই পরবর্তী সময়ে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

সেই অভিজ্ঞতাই এবার বিসিবিকে আরও বড় পরিসরে ভাবাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান বোলারদের খুঁজে বের করে তাদের ক্রিকেটের মূল স্রোতে নিয়ে আসতে চায় বোর্ড। কারণ সুযোগের অভাবে অনেক সম্ভাবনাময় ক্রিকেটারই হারিয়ে যান অচেনা-অজানা পর্যায়ে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই চিত্র বদলানোর সুযোগ দেখছে বিসিবি। বাছাইয়ের পর প্রতিভাবানদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার আওতায় আনা গেলে জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের পাইপলাইনও শক্তিশালী হবে। ভবিষ্যতে এখান থেকেই উঠে আসতে পারেন নতুন রুবেল কিংবা এবাদত।

বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনেরও রয়েছে দীর্ঘ ঐতিহ্য। তাই কোনো একটি ধরনে সীমাবদ্ধ না থেকে সব বোলারকে একই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখন দেখার বিষয়, এই বড় খোঁজ থেকে কতজন নিজেদের আলাদা করে চিনিয়ে দিতে পারেন।

এমআই