বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড, চূড়ান্ত হলো ভেন্যু
খেলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যুও এরই মধ্যে বদলে চূড়ান্ত করা হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টেস্ট। শুরুতে ম্যাচটি চট্টগ্রাম স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ইংল্যান্ড দলের। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ম্যাচটি। এরপর ১৯ ফেব্রুয়ারি ঢাকার পর্ব শেষ করে সিলেটের পথে যাবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেস্টে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করেছে শান্তর দল। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় টাইগাররা।
এদিকে ইংল্যান্ড বাংলাদেশ একাধিকবার সফর করলেও মিরপুর ও সাগরিকা ছাড়া খেলা হয়নি তাদের। সিলেটের মাটিতে এবারই প্রথম নামবে রুটের দল। ফলে সিলেট স্টেডিয়ামের জন্যও ইংল্যান্ডের মতো দলকে আতিথিয়েতা দেওয়ার নতুন সুযোগ।