বিশ্বকাপে না যাওয়ার পেছনে কে দায়ী, জানাল তদন্ত কমিটি
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে এতদিন ছিল নানা আলোচনা, প্রশ্ন ও বিতর্ক। নিরাপত্তার কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলকে ভারতে পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তী সরকার। এবার সেই সিদ্ধান্তের নেপথ্যে কে ছিলেন, তা উঠে এসেছে দীর্ঘ তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে।
তদন্ত কমিটির দাবি, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এককভাবেই সিদ্ধান্তটি নিয়েছিলেন।
ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ। এর মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। কিন্তু আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়। এরপর বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার তিন সদস্যের কমিটি ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়নি। এমনকি ক্রিকেটারদের ভবিষ্যৎ ও দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশার বিষয়টিও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
তদন্ত কমিটির মতে, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে আসিফ নজরুল মূলত নিজের সিদ্ধান্তই জানিয়ে দেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কারও মতামত নেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির ইচ্ছায় নেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে, ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশাকে সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’
সিদ্ধান্তটি কার ছিল, সেটি জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, ‘যে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি তৎকালীন স্পোর্টসের দায়িত্বে ছিলেন, প্রফেসর ড. আসিফ নজরুল।’
তবে বিশ্বকাপে বাংলাদেশকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে পরবর্তী সময়ে ভিন্নতাও পাওয়া গেছে বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিসিবির দুই কোটি টাকা অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি ও ক্রিকেটাররা।
সেদিন তিনি বলেছিলেন, ‘কোনো অনুশোচনা বা প্রশ্নের সুযোগ নেই (বিশ্বকাপ খেলতে না পারার কারণে)। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা ও ক্রিকেট বোর্ড। তারা দেশের ক্রিকেট, ক্রিকেটারদের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ করেছে। এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
কিন্তু এর মাত্র তিন সপ্তাহ আগে, ২২ জানুয়ারি, আসিফ নজরুলই জানিয়েছিলেন ভিন্ন কথা। সেদিন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারতে পাঠাচ্ছে না। যদিও পুনরায় তিনি মতে বদল আনেন।
তদন্ত কমিটি মনে করছে, পুরো ঘটনা থেকে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সুস্পষ্ট প্রশাসনিক কাঠামো, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়, কার্যকর কূটনৈতিক যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিবেদনে খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসনিক কিংবা কূটনৈতিক কোনো সিদ্ধান্তের কারণে যেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিটি।