বাংলাদেশের কাছে হারের বেদনা ভুলতে পারছেন না কামিন্স
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮
মাসখানেক পেরিয়ে গেছে। তবু বাংলাদেশের কাছে সেই হার যেন কিছুতেই ভুলতে পারছে না অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ৯ উইকেটের পরাজয়, তার ওপর পুরো ম্যাচজুড়েই বাংলাদেশের দাপট। ডারউইনের সেই চারদিন এখনো অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচনার বিষয়। এবার সেই হারের ক্ষত নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অবস্থান নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাদা পোশাকে বিশ্বের অন্যতম সফল দল। নিজেদের মাঠে আরও ভয়ংকর। সেই অস্ট্রেলিয়াকেই এবার তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ৯ উইকেটের জয় দিয়ে শান্তর দল বুঝিয়ে দিয়েছে, শক্তির বিচারে পিছিয়ে থাকলেও লড়াইয়ে তারা কাউকে ছাড় দিতে রাজি নয়।
সেই হার অস্ট্রেলিয়ার জন্য যে কতটা অস্বস্তিকর ছিল, তার প্রমাণ মিলেছে সিরিজের পরও। দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সাবেক ক্রিকেটার কিংবা অধিনায়ক, ঘুরেফিরে আলোচনায় এসেছে বাংলাদেশের কাছে সেই পরাজয়। এমনকি ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারালেও সেখানে নিজেদের পিছিয়ে রাখছেন স্টিভ স্মিথ।
তবে কামিন্সের মতে, বাংলাদেশের কাছে হারার পেছনে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না। অ্যাশেজ কিংবা বাংলাদেশের মতো তুলনামূলক ছোট সিরিজ, প্রতিপক্ষ যেই হোক, প্রস্তুতির ধরন একই ছিল বলেই দাবি তাঁর।
সাংবাদিক অ্যাডাম পিকক ও অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলির সঞ্চালনায় ‘কিপিন ইট ক্রিকেট’ পডকাস্টে কামিন্স বলেন, ‘অ্যাশেজের টেস্ট হোক কিংবা বাংলাদেশের সিরিজ, আমার মনে হয় আমরা একইভাবে প্রস্তুতি নিতাম। সিরিজ শেষে অবশ্যই আপনি বিষয়টি পর্যালোচনা করবেন। কিন্তু সত্যি বলতে, আমার মনে হয়েছিল সিরিজ শুরুর আগে আমরা বেশ ভালো জায়গায় ছিলাম; সবাই ফিট ছিল, প্রস্তুত ছিল।’
তাহলে হারের কারণ কী? কামিন্সের উত্তরটা বেশ সরল। নিজেদের সেরাটা দিতে পারেনি অস্ট্রেলিয়া, আর সেই সুযোগ বাংলাদেশ দারুণভাবে কাজে লাগিয়েছে। ৩৩ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো খেলিনি। আমার মনে হয় না প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরাটায় ছিলাম না। অন্যদিকে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং আমাদের ম্যাচে ঢোকার কোনো সুযোগই দেয়নি।’
এমআই