Advertisement
Us Bangla Airlines
বেকার হয়েও মাঠে যার অবসর নেই

বেকার হয়েও মাঠে যার অবসর নেই

খেলা ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

নামে বেকার, কিন্তু মাঠে তাঁর অবসর কোথায়! কখনো নতুন বলে ছুটছেন ব্যাটারের দিকে, কখনো উইকেটের পেছনে বা সীমানায় দৌড়াচ্ছেন ফিল্ডিংয়ের দায়িত্ব সামলাতে। দলের প্রয়োজনে আবার ব্যাট হাতেও দেখা যায় তাঁকে। ইংল্যান্ডের ২৩ বছর বয়সী সনি বেকারের যেন নামের সঙ্গে তাঁর ক্রিকেটীয় জীবনের অদ্ভুত এক বৈপরীত্য।

‘বেকার’ শব্দটি শুনলে কাজহীনতার ছবি ভেসে উঠলেও বাইশ গজে এই বেকারকে দেখা যায় সারাক্ষণ কাজের মধ্যেই। বল হাতে তাঁর মূল দায়িত্ব পেস বোলিং, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং কিংবা ব্যাটিংয়েও রাখতে হয় অবদান। ঘরোয়া লিগে দারুণ অবদান রেখেই বেকার জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ম্যাচে।

ক্রিকেটে অবশ্য সনি বেকার এখনো নতুন মুখ। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই অভিষেক হয়ে গেলেও আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা মাত্র চার। তবে অল্প সময়েই নিজের সামর্থ্যের ঝলক দেখাতে শুরু করেছেন এই ডানহাতি পেসার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড যখন রান পাহাড় গড়েছে, তখন বল হাতে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধাক্কা দেওয়ার কাজটাও করেছেন এই ‘ব্যস্ত বেকার’।

অথচ ক্রিকেটার হওয়ার গল্পটা খুব একটা সরল ছিল না তাঁর। স্কুলজীবনে ক্রিকেট নয়, ফুটবল নিয়েই স্বপ্ন দেখতেন বেকার। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য না আসায় সেই পথ ছেড়ে রাগবির দিকে ঝুঁকেছিলেন। সেখানেও থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই ক্রিকেটে মনোযোগ দেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর ক্যারিয়ারের গতিপথ।

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে দ্রুত নিজের জায়গা তৈরি করেন বেকার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ৫৪ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩ ম্যাচে শিকার ২১ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে তো আরও ধারালো, ৪৫ ম্যাচে তাঁর উইকেট ৬৮টি। তিন সংস্করণেই কার্যকর এক পেসার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

তাই নামের অর্থ যা-ই হোক, সনি বেকারের ক্রিকেটজীবনে অলসতার কোনো জায়গা নেই। বরং বল হাতে উইকেট শিকার থেকে শুরু করে ফিল্ডিং, প্রয়োজনে ব্যাটিং; সবমিলিয়ে বাইশ গজে বেকারের দিন কাটে ব্যস্ততায়।

এমআই