ওয়ানডেতে সেরা বিশে ৩ বাংলাদেশি
খেলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বোলিং শক্তির ছবিটা এখন বেশ উজ্জ্বল। বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা ২০ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি। শুধু তাই নয়, ২১ নম্বরেও আছেন তাসকিন আহমেদ। অর্থাৎ সেরা ২১-এ বাংলাদেশের চার বোলার। ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক উন্নতির অন্যতম বড় প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই র্যাঙ্কিং।
এই তালিকায় বাংলাদেশের হয়ে সবচেয়ে ওপরে মেহেদী হাসান মিরাজ। ৬০২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন আট নম্বরে। এরপর ১২ নম্বরে আছেন স্পিডস্টার নাহিদ রানা। শেষ তিন সিরিজে বল হাতে দারুণ কার্যকর এই পেসার র্যাঙ্কিংয়েও তার ধারাবাহিকতার ছাপ রেখেছেন।
বাংলাদেশের সেরা বিশে থাকা তৃতীয় বোলার শরিফুল ইসলাম। জাতীয় দলের একাদশে নিয়মিত সুযোগ না পেলেও র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৫ নম্বরে। মোস্তাফিজুর রহমানের কারণে একাদশে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। এরপর ২১ নম্বরে আছেন তাসকিন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে সাফল্যের সঙ্গে বোলারদের এই উত্থানের যোগসূত্রও স্পষ্ট। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই জয়গুলোতে বোলিং ইউনিটের পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। মাঠের সাফল্যের পাশাপাশি র্যাঙ্কিংয়েও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
ওয়ানডেতে একসময় বাংলাদেশ ছিল ঘরের মাঠে ভয়ংকর প্রতিপক্ষ। ধারাবাহিক সাফল্যে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরেও উঠেছিল দলটি, দীর্ঘ সময় ছিল সাত নম্বরে। তবে ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে সেই ধার অনেকটাই কমে যায়। সাম্প্রতিক সিরিজগুলোর ফল আর বোলারদের ব্যক্তিগত র্যাঙ্কিং সেই পুরোনো শক্তির কিছুটা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।
তবে বোলিংয়ের উজ্জ্বল ছবির পাশে ব্যাটিংয়ে রয়েছে ভিন্ন বাস্তবতা। ওয়ানডে ব্যাটারদের সেরা ৫০ জনের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি মাত্র তিনজন। তাদের মধ্যে সবচেয়ে ওপরে তাওহীদ হৃদয়, ২৩ নম্বরে। সেরা ১০০-তেও বাংলাদেশের ব্যাটার আছেন মাত্র সাতজন। জাকের আলী অবশ্য এরই মধ্যে সেই তালিকা থেকে ছিটকে গেছেন।
এমআই