Advertisement
Us Bangla Airlines
আরও ২ সিরিজ খেলবেন না নাহিদ রানা

আরও ২ সিরিজ খেলবেন না নাহিদ রানা

খেলা ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

চোটের কারণে আরও দুই সিরিজ মাঠের বাইরে থাকতে হচ্ছে নাহিদ রানাকে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও দেখা যাবে না এই পেসারকে। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ওই সিরিজে নাহিদকে বিশ্রামে রাখা হবে।

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের চোটে পড়েন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলা হয়নি তার। চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেলেও এখন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই গতিতারকা।

প্রায় দেড় মাস পর কদিন আগে আবারও বল হাতে নিয়েছেন নাহিদ। তবে এখনও পুরো রান-আপে বোলিং করছেন না। ছোট রান-আপে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ধাপে ধাপে তাকে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নাহিদ থাকছেন না, সেটি আগেই জানা গিয়েছিল। এবার ত্রিদেশীয় সিরিজেও তার না থাকার আভাস মিলেছে। বিসিবি সূত্রে জানা গেছে, ওই সিরিজে নাহিদকে বিশ্রামেই রাখা হবে। তবে এরপরই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে নাহিদের।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি ম্যাচ খেলতে পারেন তিনি। দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে ম্যাচে ফেরানোর পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত হতে পারে। নাহিদকে নিয়ে বিসিবির মূল লক্ষ্য অবশ্য আরও বড়। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চায় তারা।

এমআই