রিজওয়ানের অভিযোগ না শুনেই খারিজ করে দিল আদালত
খেলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩
মোহাম্মদ রিজওয়ানের আদালতে যাওয়া, অভিযোগের ব্যাখ্যা দেওয়া, তদন্ত নিয়ে প্রশ্ন তোলা। শেষ পর্যন্ত সেসবের বিস্তারিত শুনানির আগেই খারিজ হয়ে গেল পাকিস্তানের উইকেটকিপার ব্যাটারের আবেদন। দল থেকে তোলা অনৈতিক কাণ্ডের অভিযোগে রিজওয়ান যেন বিচার পাচ্ছেন না কোথাও।
জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন রিজওয়ান। অনলাইন বেটিং ও জুয়া নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছিল। সেই তদন্তের ভিত্তি এবং এনসিসিআইএর এখতিয়ার নিয়েই আপত্তি তুলেছিলেন তিনি।
বৃহস্পতিবার মামলাটির শুনানি করেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নিলম। রিজওয়ানের পক্ষে ছিলেন আইনজীবী কাজী উমাইর আলী।
আদালতে রিজওয়ানের আইনজীবী অভিযোগ করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, লর্ডসে টেস্ট ম্যাচের পর হোটেলের লবিতে রিজওয়ানকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
জিজ্ঞাসাবাদের সময় রিজওয়ানের মোবাইল ফোন জব্দ করা হয়েছিল বলেও আদালতে জানান আইনজীবী। তার দাবি, তিন ঘণ্টার মধ্যে ফোন ফেরত দেওয়ার কথা থাকলেও সেটি আর ফেরত দেওয়া হয়নি। দীর্ঘ সময় ফোন আটকে রাখার ঘটনাকে তদন্তকারী সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার কারণ হিসেবেও তুলে ধরেন তিনি।
রিজওয়ানের পক্ষ থেকে আরও বলা হয়, ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটই সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু রিজওয়ানকে ঘিরে কোনো বিষয় আইসিসির ওই ইউনিটে পাঠানো হয়নি বলেও দাবি করা হয়।
তবে শুনানির সময় মামলার প্রয়োজনীয় নথি সঙ্গে না থাকায় রিজওয়ানের আইনজীবীর ওপর অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আদালত মনে করিয়ে দেয়, গত ১০ সেপ্টেম্বর এনসিসিআইএ রিজওয়ানকে তলব করেছিল এবং সেই তলবে তিনি সাড়াও দিয়েছিলেন।
আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি আলিয়া নিলম বলেন, ‘আপনাদের ১০ সেপ্টেম্বর ডাকা হয়েছিল এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন। তাহলে এখন আদালতে কেন এসেছেন?’
এরপর আদালত সরাসরি এনসিসিআইএর কার্যালয়ে গিয়ে নোটিশের জবাব দিতে এবং সেখানে রিজওয়ানের অবস্থান ব্যাখ্যা করতে নির্দেশ দেন। বিচারপতির ভাষায়, ‘সেখানে যান, তাদের জানান এবং নোটিশের জবাব দিন।’
এই নির্দেশের পরই রিজওয়ানের আবেদন খারিজ করে দেন লাহোর হাইকোর্ট। ফলে এনসিসিআইএর নোটিশের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আপত্তি তোলার চেষ্টা আপাতত সেখানেই থেমে গেল।