Advertisement
Us Bangla Airlines
এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি বাংলাদেশ

খেলা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫

এশিয়া কাপের সেমিফাইনালে কয়েকদিন আগেই মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। জ্যোতিরা এখনও সেই হারের ক্ষত শুকাতে পারেননি। এর মাঝেই আবার এশিয়ান গেমসের শেষ চারের মঞ্চেও মুখোমুখি বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টটির সেমিফাইনালে আগামী ২০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল।

জাপানকে হারিয়ে নিশ্চিত হয়েছে ভারতের সেমিফাইনাল। করোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে টসে জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বাগতিকদের মেয়েরা ২০ ওভারে তুলতে পারে মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের মেয়েরা অবশ্য খুব বেশি সময় নেয়নি। মাত্র ৫ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা।

বাংলাদেশের সেমিফাইনালে ওঠার গল্পটা অবশ্য ভিন্ন। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে মাঠেই গড়ায়নি। পরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন ৩৬ নম্বরে। এবার তাই আবারও ভারতের সামনে বাংলাদেশ।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ হতে যাচ্ছে। এর আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১৪৯ রান সংগ্রহ করে। রান তাড়ায় ৭ উইকেটে ১০৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এশিয়ান গেমসের সেমিফাইনালে সেই ভারতেরই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বরের ম্যাচে তাই নিগার সুলতানাদের সামনে থাকবে আগের ম্যাচের ফল বদলে দেওয়ার আরেকটি সুযোগ। অন্য সেমিফাইনালে একই দিন পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এমআই