কোহলির ব্যবহার করা ব্র্যান্ডের হেলমেট পাচ্ছে নাইম-বিজয়রা
খেলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬
ঘরোয়া ক্রিকেটে এবার মাঠের বাইরেও আসছে পেশাদারিত্বের ছাপ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ক্রিকেটারদের জন্য বিশেষভাবে তৈরি কাস্টমাইজড হেলমেট আনছে বিসিবি। সেই হেলমেট হবে ভারতের জনপ্রিয় শ্রেয় ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের সরঞ্জাম ব্যবহার করেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত ও কেএল রাহুলের মতো তারকারা।
ব্যাগি ক্যাপ চালুর পর এবার হেলমেটেও দলভিত্তিক আলাদা পরিচয় তৈরির উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডের টুর্নামেন্ট কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে এনসিএলের দলগুলোর কাছে কাস্টমাইজড হেলমেট পৌঁছানো শুরু হবে।
এই হেলমেটগুলো বিদেশে বিশেষভাবে তৈরি করা হয়েছে। শুধু চলতি মৌসুমে ব্যবহার করেই শেষ নয়, সংশ্লিষ্ট দলগুলোর জন্য এগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। ফলে এনসিএলের প্রতিটি দলের ক্রিকেটারদের মাঠে একই ধরনের দলীয় হেলমেটে দেখা যাবে।
এনসিএলের ৮ দলের হয়ে খেলা প্রত্যেক ক্রিকেটাররাও এবার পাবেন এই সুবিধা। এতদিন নিজেদের পছন্দ কিংবা সামর্থ্য অনুযায়ী ভিন্ন ব্র্যান্ডের হেলমেট ব্যবহার করলেও এখন দলীয় সরঞ্জামের অংশ হিসেবেই মিলবে নির্দিষ্ট ব্র্যান্ডের হেলমেট।
শ্রেয় ব্র্যান্ডটি ক্রিকেট বিশ্বে অবশ্য নতুন কোনো নাম নয়। ভারতের একাধিক তারকা ক্রিকেটার নিয়মিত এই ব্র্যান্ডের হেলমেট ব্যবহার করেছেন। কোহলি, রোহিত, পন্ত, রাহুলের পাশাপাশি আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারকে এই ব্র্যান্ডের হেলমেটে দেখা যায়।
তবে হেলমেট দেওয়ার ক্ষেত্রে শুধু একই ডিজাইন বা ব্র্যান্ডের বিষয়টিই দেখছে না বিসিবি। ক্রিকেটারের মাথার মাপের সঙ্গে হেলমেট ঠিকভাবে না মিললে সেটি পরিবর্তনের সুযোগও থাকবে। ভবিষ্যতে কোনো নতুন ক্রিকেটার এনসিএলের কোনো দলে যোগ দিলে তাকেও দেওয়া হবে দলের জন্য তৈরি কাস্টমাইজড হেলমেট।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও গোছানো ও পেশাদার কাঠামোর মধ্যে আনতে বিসিবির সাম্প্রতিক উদ্যোগগুলোরই অংশ এটি। ব্যাগি ক্যাপের পর কাস্টমাইজড হেলমেটের মাধ্যমে এনসিএলের দলগুলোর আলাদা পরিচয় আরও দৃশ্যমান করার পরিকল্পনা বোর্ডের।
এমআই