Advertisement
Us Bangla Airlines
এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক, আলোচনায় যারা

এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক, আলোচনায় যারা

খেলা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

এশিয়ান গেমস শেষ হওয়ার পরই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির পদত্যাগের পর এখন নেতৃত্বের নতুন মুখ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য তালিকায় অভিজ্ঞ দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নামই আপাতত সামনে এসেছে।

জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ ম্যাচ হতে পারে। তবে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে জ্যোতির নেতৃত্বের বিষয়টি আবারও বিবেচনায় আসতে পারে।

জ্যোতির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এসেছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর। টুর্নামেন্টে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি, আর বাংলাদেশও সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এরপরই তার ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে শুরু হয় আলোচনা।

সেই পরিস্থিতির মধ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন জ্যোতি। এখন নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রক্রিয়ায় নাহিদা ও সোবহানার দিকেই নজর বিসিবির। বোর্ডের একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, নেতৃত্ব নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় এই দুই ক্রিকেটারের নাম গুরুত্ব পেতে পারে।

বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জ্যোতির জায়গা পূরণের জন্য খুব বেশি বিকল্প হাতে নেই। তবে সংক্ষিপ্ত সংস্করণে অভিজ্ঞতা ও দলের অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।

নাহিদা ও সোবহানার পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্বের কথাও ভাবছে বিসিবি। সে ক্ষেত্রে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নাম বিকল্প হিসেবে বিবেচনায় আসতে পারে। তবে জাতীয় দলের টি-টোয়েন্টি নেতৃত্ব এখনই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না।

এদিকে নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার জায়গায় ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।

এমআই