জাপানের কাছে হেরেই বসেছিল ভারত, অতঃপর...
খেলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৩
ভারতকে হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিল জাপান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৮ রান। হাতে ছিল উইকেটও। অঘটনের সব উপকরণই যেন প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত সেই ইতিহাস লেখা হলো না। মাত্র ২ রানের ব্যবধানে ভারতের কাছে হারল জাপান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত নেমে আসে ৫ ওভারে। ছোট সংস্করণের এই ম্যাচে ভারতের শক্তির পার্থক্যও যেন মুহূর্তেই মুছে যায়। টস জিতে আগে ব্যাট করা ভারত ৪ উইকেটে তোলে মাত্র ৩২ রান। এরপর সেই সামান্য লক্ষ্য তাড়া করতে নেমেই ভারতকে চাপে ফেলে দেয় জাপান।
শুরুটা অবশ্য ছিল জাপানের জন্য কঠিন। ৩৩ রানের লক্ষ্য সামনে রেখে নেমে দ্রুতই উইকেট হারায় তারা। ইয়ামামুতু-লা ফেরার পর ইব্রাহিমও বিদায় নেন ৪ রান করে। মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে জাপান তখন বেশ বিপদে।
কিন্তু সেখানেই বদলে যায় ম্যাচের চিত্র। কাদাওকি-ফ্লেমিং ও ইটু-ডেভিস মিলে সামলান ধাক্কা। ছোট লক্ষ্য হওয়ায় প্রতিটি রান হয়ে ওঠে গুরুত্বপূর্ণ, প্রতিটি বলেও বাড়তে থাকে উত্তেজনা। জাপানের রান যখন জয়ের কাছাকাছি, তখন ভারতীয় শিবিরেও চাপ স্পষ্ট।
শেষ ওভারে জাপানের প্রয়োজন ছিল ৮ রান। অর্থাৎ পাঁচ ওভারের ম্যাচে শেষ ছয় বলেই নির্ধারিত হওয়ার কথা ছিল সবকিছু। কিন্তু সেই সমীকরণ আর মেলাতে পারেনি জাপান। কাদাওকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করে ফেরেন। ইটু-ডেভিস ৮ বলে ৯ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।
শেষ পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জাপানের সংগ্রহ দাঁড়ায় ৩০ রান। জয় থেকে মাত্র ২ রান দূরে থেমে যায় তাদের দৌড়। এর আগে ভারতের ব্যাটিংও ছিল হতাশাজনক। ইনিংসের শুরুতেই গোল্ডেন ডাকের শিকার হন অভিষেক শর্মা। ইশান কিশান ৬ বলে করেন মাত্র ৩ রান। সাঞ্জু স্যামসন একটি বাউন্ডারি হাঁকালেও তাঁর সংগ্রহ ৯ রান।
ভারতের হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াইটা করেছেন শ্রেয়াস আইয়ার। ১২ বলে ১৬ রান করে তিনিই হন দলের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ব্যাটেই মূলত ৩২ রানের পুঁজি পায় ভারত।
এমআই