৩৬ বছরেই অবসরে ইংল্যান্ডের সবচেয়ে গতিময় পেসার
খেলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১
গতি দিয়ে ব্যাটারদের কাঁপিয়েছেন, চোটের সঙ্গে লড়াই করে বারবার ফিরেছেন। কিন্তু এবার আর ফেরা হলো না। দীর্ঘদিনের চোটের ধকল সামলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পথটা কঠিন হয়ে পড়ায় ইংল্যান্ডের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্ক উড।
গত বছরের নভেম্বরে অ্যাশেজের পার্থ টেস্টে হাঁটুর চোটে মাঠ ছাড়ার পর থেকেই মাঠের বাইরে উড। এরপর ইংল্যান্ডের হয়ে আর খেলা হয়নি তাঁর। প্রায় এক বছর ধরে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতে হয়েছে ৩৬ বছর বয়সী এই পেসারকে।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার আগে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান উড। দলের সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদও আগামী সপ্তাহে শেষ হচ্ছে। নতুন চুক্তি না বাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি।
ক্যারিয়ারের শুরু থেকেই চোট উডের পথের কাঁটা। এবার সেই লড়াই শুধু শরীরেই নয়, মানসিকভাবেও তাঁকে ক্লান্ত করে তুলেছে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উড জানিয়েছেন, পার্থে শেষ ম্যাচের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।
তবে ইংল্যান্ডের জার্সিতে তাঁর অর্জনের খাতা যথেষ্ট সমৃদ্ধ। ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেকের পর একই বছর ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে ইংল্যান্ডের অ্যাশেজ জয় নিশ্চিত করার মুহূর্তের অংশ হন উড।
ইংল্যান্ডের হয়ে ২০১৫ অ্যাশেজ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। মাঠে সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা আর দুরন্ত গতি তাঁকে ইংল্যান্ডের অন্যতম পরিচিত পেসারে পরিণত করে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৬ ম্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন উড। এর মধ্যে ৩৮ টেস্টে ১১৯, ৭০ ওয়ানডেতে ৮০ এবং ৩৮ টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট রয়েছে তাঁর।
এমআই