Advertisement
Us Bangla Airlines
ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ বাড়ানোর পরিকল্পনায় আইসিসি

ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ বাড়ানোর পরিকল্পনায় আইসিসি

খেলা ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

ওয়ানডে ক্রিকেটের ব্যস্ততা কমছে, বাড়ছে টি-টোয়েন্টির দাপট। এমন বাস্তবতায় ৫০ ওভারের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরোনো কাঠামোয় ফিরতে পারে আইসিসি। ২০২৭ থেকে ২০৩১ সালের আন্তর্জাতিক সূচি সাজানোর আলোচনায় ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ বাড়ানোর পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে।

পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে চলতি সপ্তাহে দুবাইয়ে কর্মশালায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে ২০২৭ থেকে ২০৩১ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচির কাঠামো নিয়ে আলোচনা করবেন আইসিসির সদস্যরা। বর্তমান এফটিপি চক্র শেষ হবে ২০২৭ সালের মার্চে। তবে এবারের বৈঠকেই নতুন সূচি চূড়ান্ত হচ্ছে না।

পরবর্তী চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর টি-টোয়েন্টি ম্যাচ বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক ওয়ানডেতে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় এক বছরে সব ফরম্যাটের জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ছে।

তবে ওয়ানডেকে গুরুত্বহীন করে দেওয়ার পরিকল্পনা নেই। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১৪ দল নিয়ে হবে ওয়ানডে বিশ্বকাপ। বরং বিশ্বকাপের বাইরেও ৫০ ওভারের ক্রিকেটকে প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় রাখতে নতুন কাঠামোর খোঁজ চলছে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ওয়ানডে সুপার লিগ ফিরিয়ে আনার বদলে ১৯৯০-এর দশকের ধাঁচে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ আয়োজনের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমলেও একাধিক দলকে নিয়ে এমন সিরিজের মাধ্যমে ওয়ানডেতে বড় ম্যাচের আবহ ধরে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

তবে সবকিছু এখনো আলোচনার পর্যায়ে। দুবাইয়ের কর্মশালার পরও এফটিপি নিয়ে আরও আলোচনা ও পরিবর্তনের সুযোগ থাকবে। চূড়ান্ত সূচি ঠিক হলেই পরিষ্কার হবে, ওয়ানডেতে হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ কতটা ফিরে আসে।

এমআই