এশিয়ান গেমসে না খেলেই পদক জিতল বাংলাদেশ!
খেলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯
মাঠে নামতে হলো না, কোনো ঘুষিও চালাতে হলো না। তবু এশিয়ান গেমস থেকে বাংলাদেশের ঝুলিতে উঠতে যাচ্ছে পদক। উশুর নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের ওজন বেশি হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের জিন্নাতের।
নারী ৫২ কেজি বিভাগে জিন্নাতের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। কিন্তু ওজন নির্ধারণের সময় অতিরিক্ত ওজন পাওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে প্রতিপক্ষ ছাড়াই সেমিফাইনালে উঠে যান জিন্নাত।
উশুর এই ইভেন্টে সেমিফাইনালে হেরে যাওয়া খেলোয়াড়দের ব্রোঞ্জ পদক দেওয়া হয়। এশিয়ান গেমসেও একই নিয়ম কার্যকর। অর্থাৎ সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত, ফলে কোনো ম্যাচ না খেলেই পদক পাওয়ার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন এই বাংলাদেশি উশু খেলোয়াড়।
বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দলের কোচ দিলদার হাসান দিলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছয় জনের কম হলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এই ইভেন্টে ১৫ জন প্রতিযোগী, তাই সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রাও ব্রোঞ্জ পাবে।’

জিন্নাতের এশিয়ান গেমস যাত্রাটাও ছিল কিছুটা ব্যতিক্রমী। ১৫ প্রতিযোগীর নকআউট লড়াইয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে বাই পেয়েছিলেন বাংলাদেশের একমাত্র উশু খেলোয়াড়। কোয়ার্টারে তাঁর সামনে ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা। কিন্তু তাকে অযোগ্য ঘোষণা করায় জিন্নাতকে লড়াইয়েই নামতে হয়নি।
বাংলাদেশ এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ১৯৭৮ সাল থেকে। ব্যক্তিগত ইভেন্টে দেশের সর্বশেষ পদক এসেছিল ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে, বক্সিংয়ে মোশাররফের ব্রোঞ্জের মাধ্যমে। এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ পদক পেলেও সেগুলো ছিল দলীয় ইভেন্টের সাফল্য।
চার দশক পর তাই আবারও এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। সেটাও আবার প্রতিপক্ষের ওজন বেশি হওয়ায়! তবে ব্রোঞ্জ নিশ্চিত হলেও স্বর্ণপদক জিততে জিন্নাতের সেমি ও ফাইনালের পথ পাড়ি দিতে হবে।