এশিয়ান গেমসে শ্রীলঙ্কা দলে ৪ নতুন মুখ
খেলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১১
নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগকে বাইরে রেখেই এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে পদক পুনরুদ্ধারে নামছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ, যাদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। দলটির নেতৃত্বে থাকছেন সাহান আরাচ্চিগে।
মঙ্গলবার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি ইভেন্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলের সঙ্গে এই স্কোয়াডের পার্থক্য বেশ বড়। ইংল্যান্ড সফরের দল থেকে এবার আছেন কেবল নুয়ান থুশারা ও থারিন্দু রাত্নায়েকে।
এশিয়ান গেমসের দলে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার হলেন টপ অর্ডার ব্যাটার সিনেথ জায়াওয়ার্দেনা, উইকেটকিপার-ব্যাটার সোহান ডি লিভেরা, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ওয়ানুজা সাহান ও পেসার গারুকা সানকেথ। অভিষেকের আগেই এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন তাঁরা।
দলে ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। ৩০ বছর বয়সী সাহান আরাচ্চিগে এর আগে শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন। সেটিও ২০২৩ সালের এশিয়ান গেমসে, যেখানে অধিনায়কও ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকওয়েলাও।
ইংল্যান্ড সফরের দলে থাকা চারিথ আসালাঙ্কা এবার নেই। সেই সিরিজে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কুশাল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো চোটে ছিটকে যাওয়ায়। বিনুরা অবশ্য চোট কাটিয়ে এশিয়ান গেমসের দলে ফিরেছেন।
এশিয়ান গেমসে ক্রিকেটে শ্রীলঙ্কার স্মৃতিও বেশ বৈচিত্র্যময়। ২০১০ সালের গুয়াংজু আসরে ব্রোঞ্জ জয়ের পর ২০১৪ সালের ইনচন গেমসে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল তারা। তবে ২০২৩ সালের হাংজু আসরে কোনো পদকই পায়নি। সেবার ভারত সোনা, আফগানিস্তান রুপা এবং বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কা দল
সাহান আরাচ্চিগে (অধিনায়ক), লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, সিনেথ জায়াওয়ার্দেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্দু রাত্নায়েকে, ওয়ানুজা সাহান, ভিজায়াকান্থ ভিয়াসকান্থ, দুশান হেমান্থা, নুয়ান থুসশারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ।
এমআই