Advertisement
Us Bangla Airlines
ফিটনেস টেস্টে সোহাগ গাজীর বেহাল দশা

ফিটনেস টেস্টে সোহাগ গাজীর বেহাল দশা

খেলা ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে হ্যাটট্রিক ও ফাইফার করে ইতিহাস গড়েছিলেন সোহাগ গাজী। সেই সোহাগই এখন ১৬০০ মিটার দৌড়ের পরীক্ষায় ৮০০ মিটার পেরোতেই লুটিয়ে পড়ছেন! নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করতে না পেরে এবারও ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

ফিটনেস পরীক্ষায় সোহাগের এই ব্যর্থতা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ২০২০ সাল থেকে বিসিবির বিভিন্ন ফিটনেস পরীক্ষায় নিয়মিতই আটকে যাচ্ছেন তিনি। কখনো বিপ টেস্ট, কখনো ইয়ো-ইয়ো টেস্ট, কখনো ১৬০০ মিটার দৌড়, কোনো পরীক্ষাতেই দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেননি এই অলরাউন্ডার।

এবার ১৬০০ মিটার দৌড় শেষ করার জন্য সোহাগের হাতে ছিল ৭ মিনিট ২০ সেকেন্ড। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই ৮০০ মিটার দৌড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। আরও দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও বছরের পর বছর একই জায়গায় ব্যর্থতার পুনরাবৃত্তি তাঁর ফিটনেস নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

গেল এনসিএলেও ফিটনেসের কারণে খেলা হয়নি সোহাগের। বরিশাল বিভাগের অধিনায়ক হওয়ার কথা থাকলেও পরীক্ষায় পাস করতে না পারায় তাঁকে টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি বিসিবি। এর আগের বছরগুলোতেও একই দশা। বিশেষ বিবেচনায় খেলার সুযোগ পেলেও ফিটনেস টেস্টে কোনোভাবেই পাস করতে পারেননি।

অথচ ক্যারিয়ারের শুরুতে সোহাগ ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় মুখ। টেস্ট অভিষেকেই বল হাতে নজর কাড়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে সেঞ্চুরি, হ্যাটট্রিক ও ফাইফার করে বিরল কীর্তি গড়েছিলেন তিনি। প্রতিভার সেই ঝলক এখন অনেকটাই ম্লান ফিটনেসের ব্যর্থতায়।

এমআই