এশিয়ায় চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিকে খেলতে চান লিটন
খেলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২
এশিয়ান গেমসে সোনা জিততে চান লিটন দাস। সেই লক্ষ্য পূরণ করতে পারলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্বপ্নটাও আরও কাছে আসবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। আপাতত তাঁর চোখ জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে যাওয়া ছেলেদের ক্রিকেটে, যেখানে টুর্নামেন্টের ফাইনালে ওঠাই বাংলাদেশের প্রথম লক্ষ্য।
এশিয়ান গেমস এরই মধ্যে শুরু হয়ে গেলেও ছেলেদের ক্রিকেটের লড়াই এখনো মাঠে গড়ায়নি। তার আগে নিজেদের প্রস্তুত করছেন লিটন, সাইফ, তানজিদ তামিমরা। আজ প্রস্তুতি ম্যাচ শেষে এশিয়ান গেমসে বাংলাদেশের দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক লিটন।
সেখানেই উঠে আসে ২০২৮ অলিম্পিকের প্রসঙ্গ। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ক্রিকেট ফিরছে অলিম্পিকের মঞ্চে। সেই আসরে খেলতে চান কি না, এমন প্রশ্নে লিটন বলেন, ‘দেখুন, অলিম্পিক কে না খেলতে চায়? তবে প্রথমত আমরা যে ইভেন্টের (এশিয়ান গেমস) জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি, আমার মতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব। লক্ষ্য হচ্ছে যে এই ইভেন্টে আমরা কীভাবে ভালো খেলতে পারি।’
অলিম্পিকে জায়গা পাওয়া অবশ্য সহজ হবে না বাংলাদেশের জন্য। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ পাবে। ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে আছে আট নম্বরে।
শীর্ষে থাকা ভারতের রেটিং ২৬৯। একই রেটিং ইংল্যান্ডেরও, তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে ভারত। এরপর অস্ট্রেলিয়া ২৬০, নিউজিল্যান্ড ২৪৭, দক্ষিণ আফ্রিকা ২৪৩ ও পাকিস্তান ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে আছে।
তবে এসব হিসাব আপাতত দূরে সরিয়ে রাখছেন লিটন। তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এশিয়ান গেমস। ফাইনালে উঠতে পারলে সোনা জয়ের সুযোগ তৈরি হবে, তাই ম্যাচ ধরে এগিয়ে যাওয়াই বাংলাদেশের পরিকল্পনা।
লিটন বলেন, ‘আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। কারণ, ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে সোনা জেতার। তার আগে তো ফাইনাল পর্যন্ত যেতে হবে। ক্রিকেটের যে জিনিসটা বলি ম্যাচ ধরে ম্যাচ ধরে। আমরা সেভাবেই এগোচ্ছি এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সেটা।’
এমআই