অলিম্পিকে খেলতে চায় বাংলাদেশ, বাস্তবতা কতটা কঠিন
খেলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
লক্ষ্যটা বড়, স্বপ্নটা আরও বড়। এশিয়ান গেমসে সোনা জিতে সেই পথ ধরেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলতে চান বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর, সেই মঞ্চে বাংলাদেশের উপস্থিতি দেখতে চান তিনিও। তবে স্বপ্নের পথে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা র্যাঙ্কিংয়ের কঠিন সমীকরণ।
বর্তমানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে। এশিয়ায় তাদের ওপরে আছে ভারত, পাকিস্তান। ফলে সরাসরি অলিম্পিকে জায়গা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পথটা সহজ নয়। কারণ অলিম্পিক ক্রিকেটে সরাসরি জায়গা পেতে আগামী ৩১ ডিসেম্বরে র্যাঙ্কিংয়ে নিজ মহাদেশের সর্বোচ্চ র্যাঙ্কধারী দল হতে হবে।
এই মুহূর্তে সেই সমীকরণে ভারতই এশিয়ার শীর্ষে। বাংলাদেশের হাতে ৩১ ডিসেম্বরের আগে টি-টোয়েন্টি ম্যাচও খুব বেশি নেই। চলতি বছরের শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, ১০, ১২ ও ১৩ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বরের কাট-অফ পর্যন্ত বাংলাদেশের আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত নেই।
অন্যদিকে, ভারতও ডিসেম্বরেই টি-টোয়েন্টিতে নামবে। শ্রীলঙ্কার বিপক্ষে ২২, ২৪ ও ২৭ ডিসেম্বর তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। অর্থাৎ র্যাঙ্কিংয়ের কাট-অফের ঠিক আগেই ভারতেরও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। বর্তমান র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ২৬৮, বাংলাদেশের ২২৪। ব্যবধানটা তাই বেশ বড়।
বাংলাদেশকে শুধু নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেই হবে না, র্যাঙ্কিংয়ের হিসাবেও বড় ধরনের পরিবর্তন দরকার হবে। ভারতের ম্যাচের ফলও তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বর্তমান রেটিংয়ে ভারত ও বাংলাদেশের মাঝখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।
তাই লিটনের অলিম্পিক স্বপ্নের সরাসরি পথটা অসম্ভব। তবে দরজা বন্ধ নয়। সরাসরি জায়গা না পেলে ২০২৭ সালের অলিম্পিক কোয়ালিফায়ারের পথ থাকবে। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে লস অ্যাঞ্জেলেসের টিকিট কাটার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ বাংলাদেশের সামনে এখন দুটি ধাপ বাকি আছে।
প্রথমত, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সমীকরণে নিজেদের অবস্থান যতটা সম্ভব উন্নত করা। সেরা পাঁচের মধ্যে আসলে এবং যুক্তরাষ্ট্র সেরা ১৫ দলে না থাকলে সরাসরি অলিম্পিকে খেলবে বাংলাদেশ। সেটা না হলে ২০২৭ সালের কোয়ালিফায়ারে নিজেদের চ্যাম্পিয়ন হতে হবে।
লিটন অবশ্য এত দূরের হিসাব নিয়ে এখনই ভাবতে চান না। তাঁর চোখ আপাতত এশিয়ান গেমসের সোনায়। কারণ সেখান থেকেই বড় স্বপ্নের যাত্রাটা শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক। ফাইনালে উঠলেই সোনা জয়ের সুযোগ তৈরি হবে, সেই লক্ষ্যেই ম্যাচ ধরে এগোতে চান তিনি।
লিটন বলেন, ‘ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে সোনা জেতার। তার আগে তো ফাইনাল পর্যন্ত যেতে হবে। ক্রিকেটের যে জিনিসটা বলি, ম্যাচ ধরে ম্যাচ ধরে। আমরা সেভাবেই এগোচ্ছি এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সেটা।’
এশিয়ান গেমসের সোনা থেকে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক, লিটনের স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বাংলাদেশের সামনে র্যাঙ্কিংয়ের কঠিন সমীকরণ, কোয়ালিফায়ারের কঠিন লড়াই। যদিও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া একদমই অসম্ভব নয়।
এমআই