Advertisement
Us Bangla Airlines
‘সাব্বিরকে নিয়ে নির্বাচক-কোচ সবাই ভাবছে’

‘সাব্বিরকে নিয়ে নির্বাচক-কোচ সবাই ভাবছে’

খেলা ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা সাব্বির রহমানের জন্য পুরোপুরি বন্ধ হয়নি দরজা। এশিয়ান গেমসের দলে জায়গা না পেলেও তাঁকে ভাবনায় রেখেছেন নির্বাচক, কোচ ও অধিনায়ক। তবে একাদশে জায়গা পেতে হলে নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে পারফরম্যান্স দিয়েই লড়াই জিততে হবে তাঁকে।

সবশেষ টপ এন্ড টি-টোয়েন্টিতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন সাব্বির। সেই পারফরম্যান্সের পর এশিয়ান গেমসের দলে সুযোগ পাওয়ার আশা করেছিলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অবশ্য নির্বাচকদের বিবেচনায় জায়গা হয়নি তাঁর।

তবে সাব্বিরকে নিয়ে দলের ভাবনা আছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘সাব্বির নির্বাচক, কোচ, আমার, সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা উন্মুক্ত। যে ভালো করবে, তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি।’

তিনি আরও বলেন, ‘৫-৬ এ ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দেব। যে ভালো করবে, যাকে মানানসই মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা করা হবে।’ অর্থাৎ সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ভালো করায় সাব্বিরের তুলনায় এশিয়ান গেমসে এগিয়ে ইয়াসির আলী রাব্বি।

সাইফউদ্দিনের ইনজুরিতে পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতিতে বাংলাদেশ। এ নিয়ে লিটন বলেন, ‘সর্বশেষ যে তিনজন অলরাউন্ডার খেলেছে, প্রত্যেকেই ইনজুরিতে। আমাদের কয়েকজন তরুণ অলরাউন্ডার আছে। তাদের নিয়ে কোচরা কাজ করছে। আশা করি এক-দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব।’

এমআই