Advertisement
Us Bangla Airlines
নিজের চোটে বাদ, অন্যের চোটে ফিরলেন আলিস

নিজের চোটে বাদ, অন্যের চোটে ফিরলেন আলিস

খেলা ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯

২০১৯ সালে বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন আলিস আল ইসলাম। রহস্যময় স্পিনে ব্যাটসম্যানদের চমকে দিয়ে দ্রুতই নজর কাড়েন এই স্পিনার। এরপর জাতীয় দলের কাছাকাছি যেতে অবশ্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে আরও কয়েক বছর।

২০২৪ সালে সেই অপেক্ষার অবসান ঘটে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান আলিস। এর আগে ওই বছরের বিপিএলে ৮ ম্যাচে ওভারপ্রতি ৭.৭১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলের দরজা খুলে দেয়।

কিন্তু জাতীয় দলের হয়ে মাঠে নামার আগেই আবারও চোটের ধাক্কা। আঙুলের চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান আলিস। ফলে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হয়। এবার অন্যের চোটেই জাতীয় দলের সুযোগ পেলেন এই রহস্য স্পিনার।

সেবার চোটের পরও থেমে থাকেননি আলিস। এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওভারপ্রতি ৬.১২ রান দিয়ে নিয়েছেন ৫৯ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে একমাত্র ৫০ ওভারের ম্যাচেও বল হাতে সফল ছিলেন, নিয়েছেন ৩ উইকেট।

প্রোটিয়াদের কাঁপিয়ে আলিসের দরজা যেন আরও উন্মুক্ত হয়। এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য মিরপুরে দলের সঙ্গে ছিলেন তিনি। এত দিন জাতীয় দলের নীল রঙের অনুশীলন জার্সিতে দেখা গেলেও বুধবার সকালে তাঁর গায়ে দেখা যায় এশিয়ান গেমসের কমলা রঙের অনুশীলন জার্সি।

এর কয়েক ঘণ্টা পরই আসে আনুষ্ঠানিক ঘোষণা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে আইচি-নাগোয়ার এশিয়ান গেমসের দলে নেওয়া হয়েছে আলিসকে। অর্থাৎ নিজের চোটে যে সুযোগ হারিয়েছিলেন, এবার অন্যের চোটেই সেই সুযোগ ফিরে এসেছে তাঁর সামনে।

জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি। তবে জাপানের মাটিতে এবার সেই অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছে। এশিয়ান গেমসে খেলতে আগামীকাল জাপানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। প্রতিপক্ষকে চমকে দিতে আলিসের অভিষেক করাতে পারে বিসিবি।

এমআই