এনসিএলে খেলোয়াড় নির্বাচনে কেন নেই বাশার?
খেলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরগুলোর একটি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। অথচ এই আসরের দল নির্বাচনের সময়ই ব্যতিক্রমী এক সিদ্ধান্তের দেখা মিলেছে। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবার এনসিএলের খেলোয়াড় বাছাইয়ে কোনো ভূমিকা রাখছেন না।
বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে, কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন বাশার। দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ছিলেন সাবেক এই অধিনায়ক। তাহলে এনসিএলের দল নির্বাচনের সময় কেন বাইরে থাকছেন তিনি?
বাশারের সহকারী হিসেবে এ বছর নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক দুই ক্রিকেটার নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। তাদের আগে থেকেই প্যানেলে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। তবে গত মাসে শান্তকে নারী বিভাগের নির্বাচক প্যানেলে স্থানান্তর করা হয়েছে। ফলে পুরুষ দলের নির্বাচক এখন তিনজনই।
এনসিএলে না থাকার প্রসঙ্গে বাশার বলেন, ‘আমাকে আগে থেকেই জানানো হয়েছিল। আলাপ হয়নি যে, সেটা কিন্তু না। আলাপ করেই সিদ্ধান্ত হয়েছে। হয়তো নতুন যে দুইজন নির্বাচক রয়েছেন, তাদের দেখতে এমন সিদ্ধান্ত হতে পারে।’
তবে এই সিদ্ধান্ত শুধু এনসিএলকেন্দ্রিক বলেই জানিয়েছেন বাশার। পরবর্তী সময়ে নির্বাচক হিসেবে তার ভূমিকা কী হবে, সেটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বাশার আরও বলেন, ‘শুধু এই এনসিএলে ইনপুট থাকবে না আমার। এরপর বাকিগুলো নিয়ে আলাপ হয়নি। এ ছাড়া জাতীয় দল নিয়ে তো ব্যস্ততা ছিলই এ সময়ে।’