Advertisement
Us Bangla Airlines
বিপিএল খেলা রবিনের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ!

বিপিএল খেলা রবিনের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ!

খেলা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ঘটনায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগের তদন্ত শুরু হয়। সেই তদন্তের ধারাবাহিকতায় গত বছরের ২৭ আগস্ট রবিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে আনা হয়।

অভিযোগ সামনে আসার পর রবিনের ক্রিকেট ক্যারিয়ারেও এর প্রভাব পড়ে। অভিযোগ আনার ঠিক দুই দিন আগে, ২১ জুলাই, এসেক্সের হয়ে চলতি মৌসুমে প্রথম দলের হয়ে নিজের একমাত্র ম্যাচটি খেলেছিলেন তিনি। মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপের সেই ম্যাচের পরই তাকে সাময়িকভাবে বরখাস্ত করে কাউন্টি ক্লাবটি।

এসেক্স জানিয়েছে, তাদের চুক্তিবদ্ধ এক খেলোয়াড় ক্লাবের ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আদালতে হাজির হয়েছেন। বিষয়টি নিয়ে ইসিবি, পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাবটি। রবিনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তও এখনো বহাল রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারী বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তাদের সার্বক্ষণিক সহায়তা ও তত্ত্বাবধানে রয়েছেন।

ক্রিকেটে রবিনের পথচলা শুরু হয় এসেক্সের হাত ধরে। ২০২০ সালে ক্লাবটির হয়ে অভিষেকের পর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেছিলেন। একই বছর এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে খেলেন এই ব্যাটার।

বাংলাদেশের সঙ্গেও রবিনের রয়েছে পারিবারিক যোগসূত্র। তার বাবা মৃদুল কান্তি দাস সিলেটের নাগরিক। সেই সূত্রেই বাংলাদেশের ক্রিকেটে তার আগমন। ২০২৩-২৪ মৌসুমে বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন রবিন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই আউট হন তিনি, এরপর আর একাদশে সুযোগ পাননি।

এমআই