Advertisement
Us Bangla Airlines
ভারতের ক্রিকেটে নতুন স্পনসর, ম্যাচপ্রতি মিলবে সাড়ে ৬ কোটি!

ভারতের ক্রিকেটে নতুন স্পনসর, ম্যাচপ্রতি মিলবে সাড়ে ৬ কোটি!

খেলা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯

ভারতীয় ক্রিকেটের নতুন টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে মুথুট ফিনকর্প। আগামী দুই মৌসুমের জন্য ভারতীয় দলের ঘরের মাঠের ম্যাচগুলোর টাইটেল স্পনসরশিপ স্বত্ব পেয়েছে কোচিভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠান। প্রতি ম্যাচে প্রায় সাড়ে ৬ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে তাদের কাছ থেকে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, প্রতি ম্যাচে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা ভিত্তিমূল্যে চুক্তির আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত অঙ্ক ভিত্তিমূল্যের চেয়ে কিছুটা কমও হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে চুক্তি ঘোষণা করলেই বিষয়টি নিশ্চিত হবে।

নতুন স্পনসর খুঁজতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে বিসিসিআইকে। নির্ধারিত সময়ের মধ্যে স্বত্বটির জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। সংশ্লিষ্ট শিল্পের সূত্রগুলো বলছে, তুলনামূলক বেশি ভিত্তিমূল্যই এর অন্যতম কারণ। এর আগের টাইটেল স্পনসর থেকে ৫ কোটি ৭৮ লাখ টাকা পেত ভারত। 

বিসিসিআইয়ের ইনভিটেশন টু টেন্ডার অনুযায়ী, একাধিক প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলে ১৩ আগস্টের মধ্যেই নতুন টাইটেল স্পনসর চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত দরদাতা না পাওয়ায় বোর্ড সরাসরি কয়েকটি সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনায় গুগল জেমিনি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, স্পিনি ও এসবিআই লাইফের মতো প্রতিষ্ঠানের নামও এসেছিল।

শেষ পর্যন্ত এসবিআই লাইফ বিসিসিআইয়ের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। একই পর্যায়ে চুক্তিবদ্ধ হয়েছে ক্যাম্পা ও চ্যাটজিপিটি। তিন প্রতিষ্ঠানই আগামী দুই মৌসুমের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে। ভারতের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হয়ে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে।

মুথুট পরিবারের মালিকানাধীন মুথুট ফিনকর্পের টাইটেল স্পনসরশিপ চুক্তি কার্যকর থাকবে ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত। এই সময়ে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও ঘরোয়া সব ম্যাচেই টাইটেল স্বত্ব থাকবে তাদের। ধারণা করা হচ্ছে, চুক্তির আওতায় প্রায় ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ হবে। এর মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি।

নতুন স্পনসরের যাত্রা শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুথুট ফিনকর্পের নাম যুক্ত হবে টাইটেলের সঙ্গে। সিরিজের শুরুটাও হবে মুথুট পরিবারের ঘরের রাজ্য কেরালায়। তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে নতুন স্পন্সরের প্রথম ওয়ানডে।

এমআই