Advertisement
Us Bangla Airlines
কেন্টের বাঁচা-মরার লড়াইয়ে আশা দেখাচ্ছেন খালেদ

কেন্টের বাঁচা-মরার লড়াইয়ে আশা দেখাচ্ছেন খালেদ

খেলা ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

মৌসুমের শেষ খেলছে কেন্ট ক্রিকেট। প্রথম বিভাগে প্রমোশন পেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশের খালেদ আহমেদ। ক্যান্টারবুরিতে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন টাইগার পেসার।

খালেদের ৩ ও মিলনেসের ৪ উইকেটের সুবাদে মাত্র ৬৯.৫ ওভারে ২২৯ রানেই গুটিয়ে গেছে গ্লুচেস্টারশায়ার। কাউন্টির নিয়ম অনুযায়ী, ১১০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিতে পারলে বোলিং দল পায় ৩ বোনাস পয়েন্ট। প্রমোশনের দৌড়ে থাকা কেন্টের জন্য সেই বাড়তি পয়েন্টের গুরুত্ব কম নয়।

১৯৫ পয়েন্ট নিয়ে কেন্ট আছে দ্বিতীয় স্থানে, ১৯১ পয়েন্ট নিয়ে তাদের পেছনে নর্দাম্পটনশায়ার। পয়েন্ট টেবিলের হিসাব যখন এতটা জমজমাট, তখন ৩ পয়েন্টও অনেক বড় ব্যাপার। তবে দুই দল পয়েন্টে সমতায় পৌঁছালেও জয় সংখ্যায় এগিয়ে থাকায় প্রমোশনের দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকবে কেন্ট।

সেই সমীকরণে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের শুরুটা কেন্টের জন্য হয়েছে স্বপ্নের মতো। ২২৯ রানে প্রতিপক্ষকে থামানোর পর প্রথম দিনের শেষে ১ উইকেটে ৭১ রান তুলেছে তারা।

কেন্টের এই বোলিং সাফল্যের কেন্দ্রে ছিলেন খালেদ। দারুশ আহমেদ, সাই কিশোর ও চে সিমন্সকে ফিরিয়েছেন তিনি। বিশেষ করে দারুশ ও কিশোরকে টানা দুই ওভারে সাজঘরে পাঠিয়ে গ্লুচেস্টারশায়ারের ওপর চাপ বাড়িয়ে দেন বাংলাদেশের পেসার।

খালেদের জন্য কাউন্টিতে অবশ্য এমন পারফরম্যান্স নতুন নয়। সর্বশেষ ম্যাচেই কেন্টের হয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এবারও যখন দলের সামনে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, তখন তাঁর হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্তের যথার্থতা আবারও প্রমাণ করলেন।

এমআই