কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিতে লিটনদের প্রতিপক্ষ কারা?
খেলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭
এশিয়ান গেমসে বাংলাদেশের পথটা আপাতত বেশ পরিষ্কার। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া লিটন দাসদের সামনে প্রথম বাধা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। তবে সেই বাধা পেরোতে পারলে শেষ চারে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। ছক বলছে, সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান।
জাপানের নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে র্যাঙ্কিংয়ের সুবিধায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশসহ চার টেস্ট খেলুড়ে দেশ। বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নির্ধারিত হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপে লড়ছে মালয়েশিয়া, হংকং ও ওমান।
এই তিন দলের মধ্যে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারাই। বাংলাদেশ সময় ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় কোরোইজি স্পোর্টস পার্কে হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালের এই ধাপ পেরোতে পারলে অবশ্য বদলে যাবে প্রতিপক্ষের মান।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল। পাকিস্তান সেখান থেকে সেমিফাইনালে উঠলে শেষ চারে তাদের সামনেই পড়বে বাংলাদেশ। অর্থাৎ, কোয়ার্টারে বাংলাদেশ ও পাকিস্তান জিতলে আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
অন্য সেমিফাইনালের পথেও রয়েছে বড় দলগুলোর লড়াই। একটি কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপের বিপক্ষে। আরেকটিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। এই গ্রুপে রয়েছে আফগানিস্তান ও নেপাল।