বৃষ্টিতে পণ্ড অনুশীলন, কোয়ার্টারে খেলা না হলে জিতবে কারা?
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০
নাগোয়ায় বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলকে। শনিবার সকাল থেকে টানা বৃষ্টিতে ভেস্তে গেছে দিনের কার্যক্রম। এর প্রভাব পড়েছে আগামীকালের অনুশীলনেও। নির্ধারিত সূচি অনুযায়ী রোববার সকালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, তবে বৃষ্টির কারণে সেই অনুশীলন সেশন বাতিল করেছে গেমস কর্তৃপক্ষ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।’
এর আগে জাপানে আসার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলকেও বৃষ্টির কারণে শুরুর কয়েকটি অনুশীলন সেশন করতে পারেনি। নাগোয়ার আবহাওয়ার এমন আচমকা পরিবর্তন এবার পুরুষ দলকেও ভোগাচ্ছে।
এর মধ্যেই অবশ্য বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালের হিসাব পরিষ্কার। শেষ আটে টাইগারদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমান ও মালয়েশিয়ার লড়াই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। আর সেই ফলেই বাংলাদেশের সঙ্গে তাদের কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত হয়েছে।
কিন্তু বৃষ্টি যদি কোয়ার্টার ফাইনালেও হানা দেয়? সেখানেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে র্যাঙ্কিং। ম্যাচটি পরিত্যক্ত হলে সেমি-ফাইনালে যাবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও নিয়মের সুবিধা পাবে টাইগাররাই।
অর্থাৎ বাংলাদেশের জন্য সমীকরণটা বেশ সরল। মাঠে খেলা হলে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই। আর বৃষ্টিতে ম্যাচই যদি না হয়, র্যাঙ্কিংয়ের সুবিধায় শেষ চারেও জায়গা করে নিতে পারে বাংলাদেশ। নারী দলও চীনের বিপক্ষে এমন সুবিধা পেয়েছিল।
এমআই