Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটকে কবে বিদায় জানাবেন, জানালেন কোহলি

ক্রিকেটকে কবে বিদায় জানাবেন, জানালেন কোহলি

খেলা ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০

টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায়ের সময়টা যেন নিজেই ঠিক করে দিলেন বিরাট কোহলি। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকেই ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন এই তারকা ব্যাটার।

কোহলির ক্রিকেট ক্যারিয়ারে এখন বাকি শুধু ওয়ানডে। বছরের শুরুতেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ ছিল আগামী বছরের বিশ্বকাপে খেলার ইচ্ছা। সেই ইচ্ছার কথাই এবার স্পষ্ট করে জানালেন ভারতের সাবেক অধিনায়ক।

শনিবার জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন,  ‘আমার জন্য, এটাই ভারতের হয়ে খেলা আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই, লক্ষ্যটা হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা দরকার, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’

কোহলির বিশ্বকাপ ক্যারিয়ারের শুরু ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে সেই আসরেই শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর বিশ্বকাপে ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও দলকে আর শিরোপা এনে দিতে পারেননি। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সেই অপূর্ণতাই পূরণ করতে চান কোহলি।

আগামী বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের পঞ্চম। তবে এবার চ্যালেঞ্জটা আলাদা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে হবে আসর। কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপের চাপ ও তীব্রতা অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে বেশি।

কোহলি কবে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন, সেটি অবশ্য সরাসরি বলেননি। তবে তার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, আগামী বছরের বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। হতে পারে বিশ্বকাপের শেষ ম্যাচেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।