অস্ট্রেলিয়াকে শাস্তি দিল আইসিসি
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলানোর আগেই আরও একটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। স্লো ওভাররেটের কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬৭ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো ওভাররেটের অভিযোগ আনা হয়। আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের জাভাগাল শ্রীনাথ বিষয়টি দেখেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার রেটের অপরাধে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সেই নিয়মেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ অভিযোগ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগটি আনেন মাঠের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও লুবাবালো গকুমা। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার আর্নো জ্যাকবস।