এনসিএলে মুশফিক-মুমিনুলরা খেলবেন কবে?
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩
জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির ভিড়ে শুরু থেকেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী ৩ অক্টোবর শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমে দেশের অধিকাংশ তারকা ক্রিকেটারই থাকছেন অনুপস্থিত। তবে আন্তর্জাতিক ব্যস্ততার ফাঁকে এনসিএলের কয়েকটি রাউন্ডে তাদের দেখা যেতে পারে।
শুক্রবার আট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটারদের রাখা হয়নি। কারণ, তারা বর্তমানে জাপানে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে ব্যস্ত। ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া সেই অভিযান শেষ হবে ৩ অক্টোবর, যেদিন শুরু হচ্ছে এনসিএলও।
টি-টোয়েন্টি দলের বাইরে থাকা টেস্ট দলের ক্রিকেটারদেরও শুরু থেকে পাওয়া যাবে না। ৯ থেকে ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য নির্বাচিত ক্রিকেটারদেরও এনসিএলের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ব্যস্ততা অবশ্য সেখানেই শেষ নয়। ১৭ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দেশের মাটিতে ২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ১৫ নভেম্বর থেকে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।
অর্থাৎ ১৭ নভেম্বর পর্যন্ত চলা এনসিএলের সঙ্গে জাতীয় দলের সূচির সংঘাত থাকছেই। তবে এই ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে।
দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটাররা সর্বোচ্চ এক-দুই রাউন্ড খেলতে পারেন। সম্ভাব্য সেই সুযোগ আসতে পারে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে। তৃতীয় রাউন্ড হবে ১৭ থেকে ২০ অক্টোবর, আর চতুর্থ রাউন্ড ২৪ থেকে ২৭ অক্টোবর।
এই সময়টাতেই মুশফিক, মুমিনুলদের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের এনসিএলে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক সিরিজের মাঝের এই ফাঁকা সময়টুকু কাজে লাগিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের ছন্দ ধরে রাখার সুযোগ পাবেন তারা।