Advertisement
Us Bangla Airlines
কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন শান্ত

কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন শান্ত

খেলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

এশিয়ান গেমস দিয়ে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগই হলো না তার। অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই জাপান থেকে দেশে ফিরতে হচ্ছে এই টপ অর্ডার ব্যাটারকে। আগামীকালই দেশে ফিরবেন তিনি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, ‘শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেছেন শান্ত। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। কয়েকবার বমিও করেছেন এই ব্যাটার। অসুস্থ অবস্থায় একা দেশে ফেরার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের মতে, একা ভ্রমণ করার মতো অবস্থায় আছেন শান্ত।

নাফিস বলেন, ‘শান্ত এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।’

শান্তর পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ অবশ্য রয়েছে। এশিয়ান গেমসের জন্য করা দীর্ঘ তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে কাউকে জাপানে পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে শেফ দ্য মিশন বলেন, ‘দীর্ঘ তালিকায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে থেকে চাইলে ক্রিকেট বোর্ড খেলোয়াড় আনতে পারে।’

এদিকে মাঠের লড়াইয়ে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ সময়। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে সেই লড়াইয়ের আগেই শান্তকে হারিয়ে বসল বাংলাদেশ।