Advertisement
Us Bangla Airlines
শান্তর বদলি হিসেবে দলে ফিরছেন স্পিন অলরাউন্ডার

শান্তর বদলি হিসেবে দলে ফিরছেন স্পিন অলরাউন্ডার

খেলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

এশিয়ান গেমসে আর মাঠে নামা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে জাপান থেকে দেশে ফিরছেন এই টপঅর্ডার ব্যাটার। তার জায়গায় বাংলাদেশ দলে নতুন করে যোগ দিচ্ছেন শামীম পাটোয়ারী। অর্থাৎ শান্তর বদলি হিসেবে জাপানে যাচ্ছেন এই অলরাউন্ডার।

এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল নিয়ে জাপানে গেছে বাংলাদেশ। সেই দলে ছিলেন শান্তও। তবে টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার আগেই অসুস্থ হয়ে পড়ায় দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছে তার। শান্তর বদলি হিসেবে কাকে পাঠানো হবে, তা নিয়ে ছিল আলোচনা।

শেষ পর্যন্ত শামীম পাটোয়ারীকে জাপানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না তিনি।

শান্তর অসুস্থতার বিষয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) জানিয়েছেন, শান্তর জ্বর অনেক বেশি। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিকভাবে খেলার মতো অবস্থায় না থাকায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘জাপানে আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভব করছিলেন শান্ত। ওঠানামা করছিল সেই জ্বর। তার রক্ত পরীক্ষা করা হয়েছে। ডেঙ্গু ও কোভিডের ফল নেগেটিভ এলেও রক্তে ইনফেকশন ধরা পড়েছে। শরীর অনেক দুর্বল থাকায় তার পক্ষে খেলা সম্ভব নয়।’

এদিকে শান্তকে হারিয়ে এশিয়ান গেমসের নকআউট পর্বে নামতে হচ্ছে বাংলাদেশকে। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল। এরপর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল। শান্তর জায়গায় শামীমকে দলে পেলেও কোয়ার্টার ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না।